কোলোরেক্টাল ক্যানসার কাদের বেশি হয়?
কোলোরেক্টাল ক্যানসার অনেকেরই হয়। তবে কারা এতে বেশি ঝুঁকিপ্রবণ এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৬২তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. সালমা সুলতানা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : এই ক্যানসারের ঝুঁকির কারণগুলো কী? কারা বেশি আক্রান্ত হয়?
উত্তর : এই ক্যানসারের তো সুনির্দিষ্ট কারণ নেই। তবে দেখা যায় যে জেনেটিক একটি বিষয় আছে। আমাদের দেহের অনেক ক্যানসার আছে, যেগুলো উত্তরাধিকার সূত্রে পাওয়া, ক্রোমোজোমের কারণে, বংশগত কারণে ক্যানসার হয়। এটিও অনেক সময় বংশগত কারণে হয়। এ ছাড়া কিছু পরিবেশগত কারণও আছে।
দেখা যাচ্ছে যে খাদ্যাভ্যাসের কারণে হচ্ছে। খাবারের যে অভ্যাস, এখানে যদি আঁশযুক্ত খাবার কম খাওয়া হয়, সবজি কম খাওয়া হয়, রোগীর যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে যে পায়খানা দেরিতে হয় বা অনেকদিন পরপর হয়, সেই সব ক্ষেত্রে একটি বড় ব্যাপার। বেশি পরিশোধিত খাবার, ধূমপান, লাল মাংস এগুলো বেশি খেলে দেখা যাচ্ছে এই ধরনের মানুষের কোলোরেক্টাল ক্যানসারের আশঙ্কা বেশি থাকে।

ফিচার ডেস্ক