আমি একা নই, সঙ্গে পুরো বাংলাদেশ : মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে ভোটের আহ্বান সামিরার
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার অন্যতম বড় আসর মিস ইউনিভার্সের মঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের সামিরা খান মাহি। প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ধাপ প্রিলিমিনারি রাউন্ড সামনে রেখে এবং দর্শকদের ভোটে সেরা ৩০ এ জায়গা করে নেওয়ার লড়াইয়ে দেশবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন চেয়েছেন তিনি। নিজের আবেগঘন বার্তায় মাহি জানিয়েছেন, এই মঞ্চে তিনি কেবল নিজের পরিচয়ে নয়, বরং লাখো মানুষের স্বপ্ন ও প্রত্যাশা বুকে নিয়ে দাঁড়িয়ে আছেন।
মিস ইউনিভার্স ২০২৬ এর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা নিয়ে দারুণ উচ্ছ্বসিত সামিরা খান মাহি। প্রিলিমিনারি রাউন্ডকে সামনে রেখে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আজকের দিনটি শুধু তাঁর একার নয়, বরং পুরো বাংলাদেশের জন্যই বেশ তাৎপর্যপূর্ণ। ছোট দেশ হলেও এ দেশের মানুষের স্বপ্ন অনেক বড় এমন বিশ্বাস থেকেই আন্তর্জাতিক মঞ্চে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সামিরা মনে করেন, প্রতিযোগিতার এই কঠিন ও গুরুত্বপূর্ণ সময়ে দর্শকদের সমর্থন ও একটি ভোট তাঁর পথচলায় বড় শক্তি হতে পারে। তাঁর ভাষায়, ‘আমি একা এই মঞ্চে দাঁড়িয়ে নেই, আমার সঙ্গে আছে আমার পুরো বাংলাদেশ।’ দেশের মেয়ে হিসেবে সবার ভালোবাসা ও সহযোগিতা পেলে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে বলে আশাবাদী তিনি।
আন্তর্জাতিক মঞ্চে পারফরম্যান্সের পাশাপাশি ফ্যান ভোটিংয়েও এগিয়ে থাকতে চায় বাংলাদেশ। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, দর্শকদের ভোটে সরাসরি সেরা ৩০ এ জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে। এর আগে ১১ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাহি ভোটিংয়ের নিয়মাবলি তুলে ধরেন। আগ্রহীরা ‘এমইউ ফ্যান’ (MU Fan) অ্যাপ ডাউনলোড করে ভোটের অপশনে গিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ সিলেক্ট করে তাঁকে ভোট দিতে পারবেন বলে জানান তিনি।
ভোট শুরুর পর ১০ নভেম্বর প্রকাশিত প্রাথমিক অবস্থানে প্রথম স্থানেও দেখা গিয়েছিল সামিরা খান মাহিকে। শুরু থেকেই সমর্থকদের এই সাড়া তাঁকে অনুপ্রাণিত করছে বলে জানান তিনি। ‘স্বপ্ন, আশা, কঠোর পরিশ্রম আর লাখো মানুষের ভালোবাসা নিয়ে আমার এই যাত্রা’ উল্লেখ করে শেষ মুহূর্ত পর্যন্ত দেশবাসীকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন এই প্রতিযোগী।

বিনোদন ডেস্ক