সমুদ্রপাড়ে ঝলমলে লুকে নজর কাড়লেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ সামিরা খান মাহি
আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার সবচেয়ে গ্ল্যামারাস ও মর্যাদাপূর্ণ আসর ‘মিস ইউনিভার্স’এর ৭৫তম সংস্করণে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে এখন পুয়ের্তো রিকোতে অবস্থান করছেন সামিরা খান মাহি।
হলুদ ফ্লোর-টাচ গাউনে সমুদ্রপাড়ে তার নজরকাড়া উপস্থিতি এবং আন্তর্জাতিক প্রতিযোগীদের সঙ্গে তার আত্মবিশ্বাসী ফ্রেমবন্দি মুহূর্ত ইতোমধ্যে দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। বিশ্বমঞ্চের এই লড়াইয়ে এখন দেশবাসীর পূর্ণ সমর্থন ও ভোট প্রত্যাশা করছেন এই তরুণী।
আসন্ন ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেকে সামনে রেখে পুয়ের্তো রিকোর সমুদ্রপাড়ে ফটোশুটে অংশ নিলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ সামিরা খান মাহি। আন্তর্জাতিক এই আয়োজনে তার মনোমুগ্ধকর লুক ও আত্মবিশ্বাস ইতোমধ্যে ভক্তদের নজর কেড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রপাড়ে হলুদ রঙের ফুল স্লিভ ফ্লোর-টাচ গাউনে বেশ জমকালো রূপে ধরা দিয়েছেন মাহি। গাউনের কোমরের অংশে থাকা নিখুঁত পাথরের কারুকাজ তার পোশাকে এনে দিয়েছে রাজকীয় আভিজাত্য। তার গায়ে শোভা পাচ্ছে দেশের নাম খচিত ‘বাংলাদেশ’ লেখা সাদা স্যাশ। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের আরও চারজন সুন্দরীর সঙ্গে তাকে ফ্রেমবন্দি হতে দেখা যায়, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শক্তিশালী উপস্থিতির জানান দিচ্ছে।
ছবিগুলোর ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে একটি চমৎকার শুটের ছোট্ট ঝলক! প্রতিটি মুহূর্ত, প্রতিটি ফ্রেম এবং প্রতিটি অভিজ্ঞতাই ভীষণ বিশেষ মনে হচ্ছে। এই সুন্দর যাত্রার অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’
গত ৭ নভেম্বর রাজধানী ঢাকার এক জমকালো আয়োজনে গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ এর মুকুট পরিয়ে দেন সামিরা খান মাহির মাথায়। এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। এবার মাহির হাত ধরে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় দেশের কোনো বড় সাফল্য অর্জনের প্রত্যাশা করছেন দেশবাসী।
আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ এর মূল গ্র্যান্ড ফিনালে। এই প্রতিযোগিতায় বাংলাদেশকে শীর্ষে নিয়ে যেতে এবং বিশ্বমঞ্চে দেশের পতাকা উঁচুতে রাখতে ইতিমধ্যেই অফিশিয়াল ফ্যান ভোটিং শুরু হয়েছে। দেশের নাম উজ্জ্বল করতে দেশবাসীর কাছে ভোট ও পূর্ণ সমর্থন চেয়েছেন সামিরা খান মাহি।

বিনোদন ডেস্ক