বিয়ের সাজে হাতে পিস্তল ফারিণ
ছোট পর্দা থেকে ওটিটি, দুই মাধ্যমেই অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন তাসনিয়া ফারিণ। তবে সাম্প্রতিক সময়ে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। গত রোজার ঈদে শাকিব খানের সঙ্গে অভিনয় করেন ‘প্রিন্স’ সিনেমায়। তবে বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি সিনেমাটি। এর আগে ‘ইনসাফ’ সিনেমাতেও দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি।
এবার আবারও ওটিটিতে ফিরছেন ফারিণ। নির্মাতা ইমরাউল রাফাতের নতুন ওয়েব সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’তে দেখা যাবে তাঁকে। মঙ্গলবার (১০ নভেম্বর) সিরিজটির প্রথম ঝলক প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
প্রকাশিত ছবিতে বিয়ের সাজে পিস্তল হাতে দেখা গেছে ফারিণকে। আরেকটি ছবিতে তাঁর পেছনে কালো পোশাকে দাঁড়িয়ে আছেন ইশতিয়াক আহমেদ রুমেল, আরফান মৃধা শিবলু ও পার্থ শেখ। প্রথম ঝলকেই রহস্যের আবহ তৈরি করেছে সিরিজটি। এর চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।
সিরিজে নিজের চরিত্র নিয়ে ফারিণ বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটাও একটু অন্যরকম। সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক ডার্ক এলিমেন্ট আছে। আমার কখনও কমেডি সিরিজ করা হয়নি, এটা প্রথমবার। থ্রিলার, মার্ডার–মিস্ট্রি অনেক তো হচ্ছে ওটিটিতে, তাই এবার একটু ডার্ক কমেডি করতে চাইলাম। দর্শকরাও আনন্দ পাবে, আমার জন্যও নতুন কিছু হবে।’
নির্মাতা ইমরাউল রাফাত জানান, সিরিজটির গল্পে রয়েছে নানা স্তর ও চমক। প্রতিটি পর্বের শেষেই দর্শকের জন্য কৌতূহল ধরে রাখার মতো উপাদান রাখা হয়েছে। ডার্ক কমেডি ঘরানার এই কাজকে নিজের জন্যও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।
সিরিজে পার্থ শেখের চরিত্রেও থাকছে ভিন্নতা। অন্যদিকে আরফান মৃধা শিবলু জানিয়েছেন, তাঁর চরিত্রের ধরন একেক সময় একেক রকম। গল্পে একটি পরিবারের সম্পর্কও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে জানান তিনি।
‘ডাকাতিয়া বাঁশি’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেলসহ অনেকে। শিগগিরই সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

বিনোদন ডেস্ক