রাজধানীতে জেমসের নগরবাউলসহ মঞ্চ মাতাবে জনপ্রিয় ৭ ব্যান্ড
রাজধানীতে শুরু হতে যাচ্ছে দেশের জনপ্রিয় সাত ব্যান্ডের জমজমাট সংগীত আয়োজন। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে বিশেষ কনসার্ট। এতে মঞ্চ মাতাবেন জেমসের নগরবাউলসহ দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। এতে গাইবে নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। এক মঞ্চে দেশের জনপ্রিয় এসব ব্যান্ডের পরিবেশনা উপভোগের অপেক্ষায় রয়েছেন সংগীতপ্রেমীরা।
আয়োজকদের তথ্যানুযায়ী, কনসার্ট ভেন্যুতে প্রবেশের গেট খুলে দেওয়া হবে আজ বিকেল ৩টায়। আর কনসার্ট শুরু হবে ৪টায়। সাতটি ব্যান্ডের অংশগ্রহণে প্রায় সাত ঘণ্টাব্যাপী চলবে এই সংগীতানুষ্ঠান। কনসার্টটি থাকছে সবার জন্য উন্মুক্ত।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, কনসার্টে দেশের সাতটি ব্যান্ড ধারাবাহিকভাবে সংগীত পরিবেশন করবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করাই এ উদ্যোগের উদ্দেশ্য।
সব মিলিয়ে একই মঞ্চে দেশের সাত জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনা নিয়ে রাজধানীর সংগীতপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে বিশেষ এক আয়োজন।

বিনোদন ডেস্ক