তৃতীয় কেমো শেষ, দ্রুত সুস্থতার প্রার্থনা সামিয়া আফরিনের
জীবনযুদ্ধে হার না মানা অদম্য লড়াই চালিয়ে যাচ্ছেন জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা সামিয়া আফরিন। দীর্ঘ পাঁচ বছর ধরে মারণব্যাধি ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়ে চলা সামিয়া আফরিন বর্তমানে হাসপাতালের শয্যা থেকেই নিজের শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানিয়েছেন। সম্প্রতি তার তৃতীয় কেমোথেরাপি সম্পন্ন হয়েছে এবং তিনি সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
গতকাল শনিবার রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে শারীরিক পরিস্থিতির কথা জানান সামিয়া আফরিন। হাসপাতালের শয্যা থেকে তোলা একটি ছবি যুক্ত করে তিনি লিখেছেন, ‘আমার তৃতীয় কেমো শেষ হলো। আগামী কয়েকটা দিন হয়তো একটু কঠিন যাবে, তবে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠব। আমার একটাই প্রার্থনা, আমার শরীরে যেন আর কখনো ক্যানসার বাসা বাঁধতে না পারে।’ তার এই স্ট্যাটাস প্রকাশের পর থেকেই শোবিজ অঙ্গন ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। ভক্ত ও সহকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বার্তা দিচ্ছেন।
দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন সামিয়া আফরিন। এর আগে ২০২২ সালের এপ্রিলে তার কোলন ক্যানসার ধরা পড়েছিল। সে সময় সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা ও সফল অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি স্বাভাবিক জীবনে ফিরেছিলেন এবং নিজের কাজে মনোনিবেশ করেছিলেন।
তবে ভাগ্য তার সঙ্গে আবারও নির্মম খেলা খেলেছে। চলতি বছর তার শরীরে নতুন করে ডিম্বাশয়ের (ওভারিয়ান) ক্যানসার ধরা পড়ে। এই অপ্রত্যাশিত ধাক্কা সামলে নিয়ে তিনি পুনরায় চিকিৎসকের শরণাপন্ন হন। সম্প্রতি তার শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং বর্তমানে তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থেকে কেমোথেরাপি নিচ্ছেন। ক্যানসারের এই বারবার ফিরে আসার যন্ত্রণা সত্ত্বেও সামিয়ার অদম্য মানসিক বল এবং মনোবল ভক্তদের মাঝে দারুণ অনুপ্রেরণা জুগিয়ে চলেছে।

বিনোদন ডেস্ক