জন্মদিনে পরিবারের ভালোবাসায় আপ্লুত চাষী আলম
ছোটপর্দার জনপ্রিয় মুখ চাষী আলম, যিনি দর্শকদের কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর হাবু ভাই হিসেবেই বেশি পরিচিত। আজ শুক্রবার (০২ অক্টোবর) এই অভিনেতার জন্মদিন। আর জন্মদিনে প্রিয়জনের ভালোবাসা যে কোনো উপহারের চেয়ে বেশি আনন্দের। আর সেই ভালোবাসাই যেন আরও একবার অনুভব করলেন অভিনেতা চাষী আলম। জন্মদিনের প্রথম প্রহরেই স্ত্রী ও দুই ছেলে মিলে তাকে জানালেন জন্মদিনের শুভেচ্ছা।
রাত ১২টা ১ মিনিটে স্ত্রী ও দুই ছেলেকে পাশে নিয়ে জন্মদিনের মুহূর্ত উদযাপন করেন চাষী আলম। পরিবারের ভালোবাসায় ভরা সেই মুহূর্তের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেতা।
ফেসবুক পোস্টে চাষী আলম লিখেছেন, ‘রাত ১২টা ১ মিনিটে দুই ছেলে আর বউ মিলে একসাথে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কী হতে পারে।’
পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘তোমাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় পাওয়া।’
অভিনেতার এই পোস্টে স্পষ্ট তার কাছে জন্মদিনের সবচেয়ে বড় আনন্দ কোনো আয়োজন কিংবা উপহার নয়; বরং স্ত্রী ও দুই সন্তানের ভালোবাসায় ঘেরা এমন নির্মল মুহূর্তই তার কাছে সবচেয়ে মূল্যবান।
প্রসঙ্গত, চাষী আলম ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। তবে মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে তিনি আলোচিত হয়েছেন। তার অভিনীত বেশ কয়েকটি নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল। চাষী আলম অভিনীত ‘কিডনি’ ও ‘ফিমেল’ নাটক ব্যাপক প্রশংসিত হয়েছে। তার অভিনীত বেশ কিছু নাটক ইউটিউব ট্রেন্ডিংয়েও জায়গা করে নিয়েছে।

বিনোদন ডেস্ক