সালমানের অসমাপ্ত সিনেমাগুলো নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন আমিন খান
সালমান শাহর আকস্মিক মৃত্যু শুধু ভক্তদেরই নয়, পুরো ঢাকাই সিনেমা অঙ্গনকেই স্তব্ধ করে দিয়েছিল। তার মৃত্যুতে তৈরি হয়েছিল এক গভীর শূন্যতা। একই সঙ্গে অনিশ্চয়তায় পড়ে যায় তার অসমাপ্ত সিনেমাগুলোও। সেই কঠিন সময়ে প্রয়াত এই অভিনেতার অসমাপ্ত কাজগুলো শেষ করতে কোনো পারিশ্রমিক ছাড়াই এগিয়ে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন চিত্রনায়ক আমিন খান।
সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে সালমান শাহর মৃত্যুর দিনের স্মৃতিচারণ করেন আমিন খান। এ সময় তিনি তুলে ধরেন, সেদিন এফডিসিতে থাকা নির্মাতা-প্রযোজকদের অসহায় পরিস্থিতি এবং তাদের পাশে দাঁড়ানোর নিজের ইচ্ছার কথা।
সাক্ষাৎকারে আমিন খান বলেন, ‘ও (সালমান শাহ) যেদিন আমাদের ছেড়ে চলে গেল, সেদিন সকালবেলা আমি এফডিসিতেই ছিলাম। ওই দিন প্রযোজক ও পরিচালকদের আহাজারি আর কান্নাকাটি দেখে মনে হচ্ছিল, তাদের বুঝি সবকিছুই শেষ হয়ে গেল।’
সালমানের অসমাপ্ত সিনেমাগুলো কীভাবে শেষ করা যায়, সে ভাবনাও তখন তার মনে আসে। আমিন খান জানান, গল্পের প্রয়োজনে সালমানের চরিত্রকে রেখে যদি কাহিনি অন্যভাবে এগিয়ে নেওয়া সম্ভব হয়, তাহলে তিনি বিনা পারিশ্রমিকেই সেই সিনেমাগুলোতে কাজ করতে প্রস্তুত ছিলেন।
আমিন খানের ভাষ্যমতে, ‘আমার কাছে তখন মনে হয়েছিল, সালমানকে রেখে যদি গল্পের মোড় ঘুরিয়ে কোনোভাবে কাজগুলো করা সম্ভব হয়, তবে আমি বিনামূল্যে তা করে দিতে প্রস্তুত। অন্তত এতে করে ক্ষতিগ্রস্ত মানুষগুলো ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে।’
প্রয়াত সহকর্মীর প্রতি ভালোবাসা এবং তার সঙ্গে যুক্ত নির্মাতা-প্রযোজকদের প্রতি সহমর্মিতা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান আমিন খান। তিনি বলেন, ‘এমনটা করতে পারলে হয়তো আমার বন্ধুর আত্মাও শান্তি পেত এবং প্রযোজক-পরিচালকদের মনের কষ্টটাও কিছুটা লাঘব হতো।’
সালমান শাহর সঙ্গে কোনো সিনেমায় একসঙ্গে কাজ করার সুযোগ না হলেও ব্যক্তিগতভাবে তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল বলেও জানান আমিন খান। তার কথায়, ‘সালমানের সঙ্গে আমার কোনো সিনেমায় কাজ করার সুযোগ না হলেও আমরা একসঙ্গে পথ চলেছি, অনেক আড্ডা দিয়েছি। সেই ভালোবাসা আর দায়িত্ববোধ থেকেই সেদিন আমার ওই প্রস্তাব দেওয়া।’
তবে শেষ পর্যন্ত গল্প পুনর্বিন্যাসের সুযোগ থাকায় সালমানের একটি সিনেমাতেই যুক্ত হওয়া সম্ভব হয়েছিল। আমিন খান জানান, ‘স্বপ্নের নায়ক’ সিনেমাটির গল্পের পটভূমি পরিবর্তনের সুযোগ থাকায় শুধু এই সিনেমায় কাজ করতে পেরেছিলেন তিনি। তবে অন্য সিনেমাগুলোর ক্ষেত্রে সেই সুযোগ ছিল না।
সালমানের স্মৃতিচারণ করতে গিয়ে শেষ পর্যন্ত বন্ধুর প্রতি নিজের শুভকামনাই জানান আমিন খান—‘বন্ধু ভালো থাকুক—সবসময় এটাই চাই।’

বিনোদন ডেস্ক