স্ত্রীর মৃত্যুর শোক থেকে নির্মাতা সোহেল রহমানের নতুন সিনেমা ‘হাওয়ার গাড়ি’
প্রিয়জন হারানোর গভীর বেদনা আর ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের ব্যক্তিগত অভিজ্ঞতাকে পর্দায় তুলে আনছেন চলচ্চিত্র নির্মাতা সোহেল রহমান। ঢাকার সাধারণ ও খেটে খাওয়া মানুষের জীবনসংগ্রাম, আশা-ভালোবাসা এবং কান্না-হাসির গল্প নিয়ে তিনি নির্মাণ করেছেন নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হাওয়ার গাড়ি’।
ইতোমধ্যে সিনেমাটির চূড়ান্ত সম্পাদনা (ফাইনাল কাট) সম্পন্ন হয়েছে এবং আগামী বছরের শুরুতেই এটি প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি চলছে।
সিনেমাটি নির্মাণের পেছনে রয়েছে নির্মাতার নিজের জীবনের এক করুণ অধ্যায়। বিয়ের মাত্র এক মাসের মাথায় তাঁর স্ত্রীর ক্যানসার ধরা পড়ে। স্ত্রীকে বাঁচাতে প্রায় এক বছর ধরে ঢাকার বিভিন্ন হাসপাতালে চলে তাঁর অক্লান্ত লড়াই। তবে শেষ রক্ষা হয়নি, চলতি বছরের মার্চে ক্যানসারের কাছে হার মেনে না ফেরার দেশে চলে যান তাঁর স্ত্রী। নির্মাতার সেই ব্যক্তিগত শোকের ছায়া থাকলেও ‘হাওয়ার গাড়ি’ মূলত ঢাকা শহরের অসংখ্য সংগ্রামী মানুষের গল্প। সিনেমার প্রতিটি চরিত্রই জীবনযুদ্ধে ক্ষতবিক্ষত, তবুও তারা হার না মেনে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখে।
ভিলা দু সিনেমার ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, ফজলুল হক, আয়মন শিমলা, ইয়াশফা তাসনিয়া মল্লিক, ওমর ফারুক, ত্রিধা পাল মান এবং শব্দ।
সীমিত বাজেট ও স্বল্প সময়ের মধ্যে অত্যন্ত যত্ন নিয়ে ছবিটির কাজ শেষ করা হয়েছে। চলতি বছরের এপ্রিল ও মে মাসে চিত্রনাট্য, লোকেশন ও শিল্পী নির্বাচন চূড়ান্ত করে জুন মাসে ঢাকায় দৃশ্যধারণ সম্পন্ন হয়। এরপর জুলাই মাসে পর্তুগাল ও স্পেনে শুরু হয় সম্পাদনার কাজ। টানা চার মাসের কর্মযজ্ঞ শেষে চলতি নভেম্বরে প্রস্তুত হয়েছে সিনেমার ফাইনাল কাট।
এই নির্মাণে সোহেল রহমানের পাশে দাঁড়িয়েছিলেন তাঁর শিক্ষার্থীরা, যাঁরা নির্মাণদলের অধিকাংশ দায়িত্ব সামলেছেন। পাশাপাশি দেশের গুণী ও মেধাবী অভিনয়শিল্পী এবং বন্ধু-শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতায় কাজটি পূর্ণতা পায়। দেশ-বিদেশের বেশ কয়েকজন চলচ্চিত্রবোদ্ধা ইতোমধ্যে ছবিটির রাফ কাট দেখে এটিকে ‘হৃদয়স্পর্শী ও শক্তিশালী’ কাজ হিসেবে অভিহিত করেছেন।
সিনেমাটির চিত্রনাট্য, পরিচালনা, প্রযোজনা ও সম্পাদনার গুরুদায়িত্ব সামলেছেন সোহেল রহমান নিজেই। প্রধান চিত্রগ্রাহক হিসেবে ছিলেন শারাফাত আলী শওকত এবং পোস্টার ডিজাইন করেছেন বেলজিয়ান-পর্তুগিজ গ্রাফিক্স ডিজাইনার মিকা বারেতো।
নির্মাতা তাঁর এই সৃষ্টি উৎসর্গ করেছেন প্রয়াত স্ত্রীকে। তিনি জানান, ক্যান্সার সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্ত্রীর নামে প্রক্রিয়াধীন ‘ডা. সামরিনা তানহা ক্যানসার ফাউন্ডেশন’ এর কার্যক্রমেও ‘হাওয়ার গাড়ি’ বিশেষ ভূমিকা রাখবে। মৌলিক ও ভিন্নধর্মী এই চলচ্চিত্রটি দেশের সিনেমা শিল্পকে সমৃদ্ধ করার পাশাপাশি তরুণ নির্মাতাদের অনুপ্রাণিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

বিনোদন ডেস্ক