এবার ‘ইংলিশ লেবু’ হয়ে ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসানের এন্ট্রি
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ একের পর এক নতুন চরিত্রের আগমন ঘটছে। নতুন এই সিজনে নেহাল, আরেফিন ফিরে এসেছে। আরও যুক্ত হয়েছেন স্পর্শিয়া, সুনেরা, রাফসান। নতুন মুখ ও চরিত্র যোগ হওয়ায় জমে উঠেছে ব্যাচেলর ফ্ল্যাটের গল্প। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেতা আ খ ম হাসান। তার চরিত্রের নাম ‘ইংলিশ লেবু’।
গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গ অ্যাপে মুক্তি পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর চ্যাপ্টার ১৫। এই পর্বেই মজার চরিত্র ‘ইংলিশ লেবু’ হিসেবে হাজির হয়েছেন আ খ ম হাসান। তার আগমন নতুন চমক হিসেবে দেখছেন দর্শকেরা। সংশ্লিষ্টদের আশা, তার উপস্থিতিতে সিরিজটির গল্পে যোগ হবে আরও হাস্যরস ও নতুন মাত্রা।
ইংলিশ লেবুর পাশাপাশি একই চ্যাপ্টারে ‘কাজী ভাই’ নামে আরও একটি চরিত্র যুক্ত হয়েছে। চরিত্রটিতে অভিনয় করছেন রাশেদ মামুন অপু।
ব্যাচেলর ফ্ল্যাটের চিরচেনা বিশৃঙ্খলা, হাসি-ঠাট্টা আর নানা ঘটনার মধ্যে ‘ইংলিশ লেবু’ ও ‘কাজী ভাই’ কী ধরনের পরিবর্তন আনেন, সেটিই এখন দেখার বিষয়। নতুন দুই চরিত্র গল্পে কী ধরনের টুইস্ট তৈরি করে, তা নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল (পাশা), চাষী আলম (হাবু), পলাশ (কাবিলা), তৌসিফ (নেহাল), শামীম হাসান সরকার (আরেফিন), পাভেল (জাকির), ইশতিয়াক রোমেল (মতলব) ও জাফরুল আবেদিন (রকি)। এ ছাড়া রয়েছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা প্রমুখ।
সিরিজটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন কাজল আরেফিন অমি।

বিনোদন ডেস্ক