কিছু রাত নিঃশব্দেই বদলে দেয় সবকিছু: ঋতুপর্ণা
টলিউডের ব্যস্ততম অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বন্ধু চৈতি ঘোষালের সঙ্গে পরবর্তী সিনেমার পোস্টার প্রকাশ্যে নিয়ে এলেন তিনি। প্রথমবার পরিচালকের আসনে চৈতি। সিনেমার নাম ‘নেভার মাইন্ড’। নামেই ইঙ্গিত, নিষিদ্ধ গল্প ছুঁয়ে এক সামাজিক বার্তা দিতে চলেছে এই সিনেমা।
পোস্টার শেয়ার করে ঋতুপর্ণা ক্যাপশনে লিখেছেন, ‘কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে দিয়ে যায় সবকিছু। তেমনই এক রাতের গল্প নিয়ে আসছে ‘নেভার মাইন্ড’।’ এই সিনেমার আরেকটি বড় চমক হলো, পরিচালক চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য রায় এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বছর দুয়েক আগেই টলিপাড়ায় গুঞ্জন উঠেছিল, চৈতির পরিচালনায় ডেবিউ সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণাকে। অবশেষে সেই জল্পনা সত্যি করে প্রকাশ্যে এলো সিনেমারর প্রচার ঝলক।
এই সিনেমার আরেকটি বড় চমক হলো পরিচালক চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য রায় এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। তবে ‘নেভার মাইন্ড’ অমর্ত্যর প্রথম সিনেমা নয়। বড়পর্দায় এর আগেও কাজ করেছেন তিনি। তবে এবারই প্রথম মায়ের পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। আর মা-ছেলের এই নতুন সিনে-সফরের অন্যতম প্রধান সারথি হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক নারীকে ঘিরে। যে তাঁর অতীতের এক বিষয় খুঁজতে খুঁজতে হাজির হয় শহরের এক পানশালায়। আর সেখানেই তাঁর দেখা হয় একজন অল্পবয়সি সঙ্গীতশিল্পীর সঙ্গে। যে বারে গান গায়। এই সিনেমাতে কলকাতার এমন কিছু মানুষদের গল্প তুলে ধরা হবে, যাদের পেশা ভিন্ন, জীবনের মূল্যবোধ এমনকী দর্শনও ভিন্ন।
তাঁদের নিয়েই পরিচালক চৈতি বলবেন ‘নেভার মাইন্ড’-এর গল্প। পার্ক স্ট্রিটের চেনা প্রেক্ষাপটকে এই সিনেমায় একেবারে ভিন্ন আঙ্গিকে ও নতুন রূপে পর্দায় ফুটিয়ে তোলা হবে। একই সঙ্গে সিনেমাটিতে একটি মানবিক বার্তাও থাকবে বলে জানা গেছে।
এই সিনেমার সিনেমার মূল গল্প লিখেছেন সম্রাট। চিত্রনাট্য তৈরিতে সম্রাটের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন মিতালি ঘোষাল রুদ্র। সিনেমার চিত্রগ্রহণ করেছেন গোপী ভগৎ। সিনেমার আবহসঙ্গীত ও গানের দায়িত্বে রূপম ইসলাম।

বিনোদন ডেস্ক