নতুন মিশনে চিত্রনায়িকা পূর্ণিমা, ফিরছেন ‘অস্তিত্বের লড়াই’ দিয়ে
ঢালিউডের এক সময়ের শীর্ষ জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। তাঁর অভিনয় ও মোহনীয় সৌন্দর্য বছরের পর বছর দর্শককে মুগ্ধ করে রেখেছে। দীর্ঘ সময় বড় পর্দায় অনিয়মিত থাকলেও দর্শক হৃদয়ে তাঁর আবেদন এখনো অমলিন। মাঝে তিনটি সিনেমায় কাজ করলেও সেগুলো এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে, পাশাপাশি নাটকেও দীর্ঘ বিরতিতে আছেন এই নায়িকা। তবে এবার নতুন এক বিশেষ কাজ নিয়ে হাজির হচ্ছেন তিনি।
জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে সচেতনতা বাড়াতে ‘অস্তিত্বের লড়াই’ নামের একটি প্রামাণ্যচিত্রে অংশ নিয়েছেন পূর্ণিমা। ১৯৭০ সালে ভোলায় ঘটে যাওয়া প্রলয়ংকরী প্রাকৃতিক দুর্যোগের মর্মান্তিক কাহিনি এবং বর্তমান বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে এটি নির্মাণ করেছেন ‘প্রেমের তাজমহল’ খ্যাত প্রখ্যাত পরিচালক গাজী মাহবুব। সম্প্রতি এফডিসিতে এর দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে।
সামাজিক দায়বদ্ধতা থেকেই এই কাজে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন পূর্ণিমা। তিনি বলেন, “এই প্রামাণ্যচিত্রের ভাবনাটি আমার খুব ভালো লেগেছে। মানুষকে সচেতন করার একটি দায়িত্ববোধের জায়গা থেকে আমি এতে অংশ নিয়েছি। আমি সবসময়ই এমন ভালো এবং ইতিবাচক কাজের সঙ্গে থাকতে চাই।”
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মানবসুর উন্নয়ন সংস্থা’ (মাউস)-এর জন্য এই প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সোহরাব লাভুর গ্রন্থনা ও পরিকল্পনায় নির্মিত এই প্রামাণ্যচিত্রটি জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রদর্শিত হবে। এছাড়া এটি ইন্টারনেটেও অবমুক্ত করা হবে বলে জানান পরিচালক গাজী মাহবুব।
পূর্ণিমা ছাড়াও এই প্রামাণ্যচিত্রটিতে অভিনয় করেছেন চলচ্চিত্রের একঝাঁক পরিচিত মুখ। তাঁদের মধ্যে রয়েছেন প্রবীণ নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ, শিবা শানু, তানহা তাসনিয়া, শিরিন শিলা, মৌ খান ও জয় চৌধুরীসহ আরও অনেকে। এর মাধ্যমে দীর্ঘ বিরতি ভেঙে পূর্ণিমাকে ভিন্ন আঙ্গিকে পর্দায় দেখার অপেক্ষায় আছেন তাঁর ভক্তরা।

বিনোদন ডেস্ক