অভিনেতা শামস সুমন আর নেই
দেশের ছোট ও বড় পর্দার চিরপরিচিত মুখ, প্রিয় অভিনেতা শামস সুমন ( ৬১) আর আমাদের সঙ্গে নেই। মঙ্গলবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন শামস সুমন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। নিবিড় পর্যবেক্ষণে থাকার সময়ে আজ তাঁর মৃত্যু ঘটে।
শামস সুমন রেডিও ভূমির স্টেশন প্রধান, চ্যানেল আই এর অনুষ্ঠান বিভাগের পরিচালক শামস সুমন হিসাবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুর খবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চ্যানেল আই।
শামস সুমন নব্বইয়ের দশকের শেষভাগ থেকে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটকে দর্শকদের মন জয় করেছেন। ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার খেতাব পেয়েছিলেন। সর্বশেষ ২০১৩ সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘আয়না কাহিনী’ ছবিতে দেখা গিয়েছিল তাকে।
সাবলীল অভিনয় এবং গভীর কণ্ঠস্বরের কারণে তিনি দর্শকদের কাছে একটি বিশেষ স্থান করে নিয়েছিলেন। তার আকস্মিক চলে যাওয়া সাংস্কৃতিক অঙ্গনে শূন্যতার ছাপ ফেলেছে। সহকর্মী, পরিচালক ও কলাকুশলীরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন।

বিনোদন ডেস্ক