ক্ষেপণাস্ত্রগুলো ‘নতুন ভৌগোলিক অঞ্চলে’ ব্যবহারের জন্য প্রস্তুত : ইরান
ইরানের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বলেছেন, দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতায় কোনো সীমাবদ্ধতা নেই। নির্দেশ পাওয়া মাত্রই এগুলোকে ‘নতুন ভৌগোলিক অঞ্চল’সহ যেকোনো স্থানে ব্যবহার করা সম্ভব হবে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালির বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সক্ষমতা প্রস্তুত রাখা হয়েছে। নির্দেশ পাওয়া মাত্রই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালি বলেন, ক্ষেপণাস্ত্রের সংখ্যা, অবস্থান কিংবা অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে আমাদের কোনো সীমাবদ্ধতা নেই। তিনি আরও যোগ করেন, ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে গিয়ে দেশটির শত্রুরা ‘থাড’-এর মতো অত্যন্ত ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে বাধ্য হচ্ছে, যার পেছনে প্রচুর অর্থ ও দীর্ঘ সময় ব্যয় হচ্ছে।
আলী বেলালি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। তারা ট্রিগারে আঙুল রেখেই শত্রুর যেকোনো ভুল হিসাব বা বোকামির অপেক্ষায় আছে। কোনো ধরনের বৈরী কর্মকাণ্ড ঘটলে, শত্রুরা যেখানেই থাকুক না কেন, তাদের ওপর ইসলামিক রিপাবলিক অব ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানবে।’
ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালি ইরানের শত্রুদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর অভিযোগ করেন। তিনি বলেন, শত্রুরা ‘আলোচনা, সামরিক সরঞ্জাম হস্তান্তর, গোলাবারুদ স্থানান্তর এবং সামরিক হুমকির’ মতো বিষয়গুলো সামনে এনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।
আলী বেলালির আরও বলেন, এই অঞ্চলের দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার পরিণাম সম্পর্কে এখন অবগত রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক