একাধিক বিয়ে নিয়ে সমালোচনা, শবনম ফারিয়ার আবেগঘন জবাব
ছোট পর্দার জনপ্রিয় মুখ শবনম ফারিয়া সম্প্রতি তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নতুন জীবনের এই শুরুতেই সামাজিকমাধ্যমে নানা কটূ মন্তব্য, প্রশ্ন আর সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে নিজের মতো করেই জবাব দিয়েছেন তিনি—খুব পরিষ্কার, শক্তিশালী ও আবেগময় ভাষায়।
২৫ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফারিয়া লেখেন,‘কেউই এই ভেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন না যে, একদিন এই সম্পর্কের ইতি ঘটবে। ভালোবাসা, ধৈর্য আর আশা নিয়ে আমরা সবাই চেষ্টা করি যেন সম্পর্কটা টিকে থাকে। আমরা যতই শক্তিশালী, শিক্ষিত বা সফল হই না কেন-মন চায় সম্পর্কটা আঁকড়ে ধরতে, যদি না সেখানে কোনো বিশ্বাসঘাতকতা থাকে।’
আরও পড়ুন : চোখের পানি ধরে রাখতে পারিনি : শবনম ফারিয়া
নিজের অভিজ্ঞতার জায়গা থেকে তিনি আরও জানান,‘যারা একাধিকবার বিয়ে করেছেন, তারা তাদের অতীত নিয়ে গর্ব করেন না। একটা সম্পর্ক ভাঙার পর আবার নতুন করে ভালোবাসা, বিশ্বাস আর আস্থা রাখা বিশাল সাহসের ব্যাপার। নতুন করে শুরু করতে শক্তি লাগে, লজ্জা নয়।’
অনুরাগীদের উদ্দেশে তাঁর অনুরোধ,‘দয়া করে কাউকে বিচার করবেন না, গুজব ছড়াবেন না, কটু কথা বলবেন না। কারণ আপনি জানেন না একজন মানুষ হাসিমুখে উঠে দাঁড়াতে কত কঠিন লড়াই করেছেন।’
আরও পড়ুন : ফের বিয়ের পিঁড়িতে শবনম ফারিয়া
ফারিয়া জীবনের অনিশ্চয়তা মনে করিয়ে দিয়ে আরও লেখেন, ‘কথায় হোন কোমল, আচরণে রাখুন দয়া। কারণ জীবন কাউকেই ছাড় দেয় না। আর আগামীকাল কী অপেক্ষা করছে, তা কেউ জানে না।’
ব্যক্তিগত জীবনের উত্থান-পতনকে শক্তি হিসেবে দেখছেন শবনম ফারিয়া। সমালোচনার ঝড়ের মাঝেই তিনি জানিয়ে দিয়েছেন—ভালোবাসা আর বিশ্বাসের পথে হাঁটার সাহস নিয়মিতই নতুন করে খুঁজে নিতে হয় মানুষকে।

বিনোদন ডেস্ক