দুই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মেঘের কপাট’
আজ শুক্রবার (৩ নভেম্বর) দুই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মেঘের কপাট’। সিনেমাটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ওয়ালিদ আহমেদ।
ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস ও কেরানীগঞ্জে অবস্থিত লায়ন সিনেমাসে দেখা যাবে সিনেমাটি। তবে ঢাকার বাইরেও মুক্তির পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক।
চলচ্চিত্রটির মুক্তি প্রসঙ্গে পরিচালক ওয়ালিদ আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা ও ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রতি সম্মান রেখে কেবল ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস ও কেরাণীগঞ্জে অবস্থিত লায়ন সিনেমাসে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, শিগগিরই ‘মেঘের কপাট’চলচ্চিত্রটি ঢাকার বাইরেও মুক্তি দেবার পরিকল্পনা রয়েছে। এছাড়া পরবর্তী সপ্তাহ থেকে আরো বেশ কিছু সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি দেবার বিষয়টি প্রক্রিয়াধীন।’
সিনেমাটির প্রযোজক আফরোজা মোমেন বলেন, ‘মেঘের কপাট’ সিনেমাতে প্রেম, সংগীত, নিখাদ ভালোবাসা আর সুরে মগ্ন থাকবেন দর্শক। চলচ্চিত্রের গল্পেও রয়েছে নতুনত্ব।’
এতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসানসহ প্রমুখ।
চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন।

বিনোদন ডেস্ক