আজ থেকে ‘মুজিব’ সিনেমার বিশ্বব্যাপী মুক্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ (মুজিব: মেকিং অব আ নেশন) সিনেমা আজ (২৭ অক্টোবর) ভারত, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়াসহ উত্তর আমরিকায় মুক্তি পাচ্ছে বলে জানিয়েছে এফডিসি কর্তৃপক্ষ।
এদিকে ভারতসহ বিশ্বব্যাপী সিনেমাটি পরিবেশনের দায়িত্ব পেয়েছে প্যানোরমা স্টুডিওস ইন্টারন্যাশনাল। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সিনেমাটি ভারতের বাছাই করা শহরগুলোর বিভিন্ন মাল্টিপ্লেক্সে মুক্তি পেলেও পরের সপ্তাহে ভারতজুড়ে ব্যাপক আকারে মুক্তি দেওয়া হবে।
এর আগে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি নিয়ে হয়েছে বিশেষ শো। মুম্বাইয়ের ন্যাশনাল মিউজিয়াম অব ইন্ডিয়ান সিনেমা মিলনায়তনে এটি আয়োজন করে এনএফডিসি।
নির্মাতা শ্যাম বেনেগাল, অভিনেতা আরিফিন শুভ, ভারতীয় অভিনেতা রাজিত কাপুর, বলিউড অভিনেত্রী দিব্যা দত্তাসহ অনেকেই হাজির হয়েছিলেন সেই শোতে। মুম্বাইয়ের পর গতকাল (২৬ অক্টোবর) প্রিমিয়ার হয় কলকাতাতেও। সেখানেও ভারত সরকারের আমন্ত্রিত অতিথি ও টালিগঞ্জের কলাকুশলীরা হাজির ছিলেন।
ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত এ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।
এ ছাড়া রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয়শিল্পী এ চলচ্চিত্রে কাজ করেছেন।

বিনোদন ডেস্ক