বিশ্বব্যাপী মাইক্রোসফট বিভ্রাটের অবসান, সেবা পুনরুদ্ধার
বিশ্বজুড়ে জনসেবা ও ব্যবসা-বাণিজ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিশাল এক বিভ্রাটের সফল সমাপ্তি ঘটিয়ে গ্রাহকদের জন্য ‘সেবা পুনরুদ্ধার’ করা হয়েছে বলে শনিবার (১৪ নভেম্বর) জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। খবর বার্তা সংস্থা এএফপির।
যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটি সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে, ‘সেবা বিভ্রাটের ঘটনাটির মূল কারণ সমাধানসহ ক্ষতিগ্রস্ত গ্রাহক ও অঞ্চলগুলোতে সেবা পুনরুদ্ধার করার প্রচেষ্টা আমরা সম্পন্ন করেছি।’
এর আগের দিনই মাইক্রোসফট আউটলুক ইমেল এবং অন্যান্য সেবার ক্ষেত্রে ব্যাপক পুনরুদ্ধারের কথা জানিয়েছিল। কোম্পানিটি জানিয়েছিল যে, এই বড় ধরনের বিঘ্ন ঘটার পেছনে একটি প্রযুক্তিগত সমস্যা দায়ী ছিল এবং এটি সাইবার হামলা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্টের সঙ্গে সম্পর্কিত নয়।
ডাউনডিটেক্টর নামক মনিটরিং সাইটের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার এই বিভ্রাট বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং আমেরিকা, ইউরোপ, এশিয়া ও আফ্রিকার অন্তত ৭৪টি দেশ ও অঞ্চলে কোম্পানির পণ্যসেবা অফলাইন হয়ে যায়।
মাইক্রোসফট এই বিঘ্নের জন্য তাদের অবকাঠামোর ওপর ‘অতিরিক্ত চাপকে’ দায়ী করেছিল।
কোম্পানিটি জানায়, এই বিভ্রাটের কারণে তাদের আউটলুক ইমেল সেবা, মাইক্রোসফটের টিমস যোগাযোগ প্ল্যাটফর্ম এবং কোম্পানির কোপাইলট এআই অ্রাসিসট্যান্ট প্রভাবিত হয়েছিল।

এনটিভি অনলাইন ডেস্ক