‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার গান প্রকাশ পেল
আগামী শুক্রবার (১৩ অক্টোবর) মুক্তি পেতে যাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি। এরই মধ্যে উন্মুক্ত হয়েছে এর ট্রেলার। সিনেমাটির মুক্তি উপলক্ষে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সংশ্লিষ্টরা।
এরই ধারাবাহিকতায় সোমববার (৯ অক্টোবর) রাতে এবার প্রকাশ্যে এল ‘মুজিব: দ্য মেকিং অফ অ্যা নেশন’ নামের ইউটিউব চ্যানেলে ‘কী কী জিনিস এনেছো দুলাল’ শিরোনামের গানটি। এ সিনেমায় সংগীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র। গানটিতে কণ্ঠ দিয়েছেন ঊর্মি চৌধুরী। কোরাসে কণ্ঠ দিয়েছেন অদিতি বসু ও সানহিতি নাস্কার।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যদিকে ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদকে দেখা যাবে।
এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

বিনোদন ডেস্ক