ফিল্ম আর্কাইভে শুরু হচ্ছে ‘শান্তি চলচ্চিত্র উৎসব’
সৃজনশীল তরুণ চলচ্চিত্র নির্মাতাদের অংশগ্রহণে সহনশীল, সংহত ও শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে আয়োজন করা হচ্ছে- ‘শান্তি চলচ্চিত্র উৎসব-২০২৩’। সবার জন্য উন্মুক্ত এ আয়োজন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আগামী ২৮ ও ২৯ অক্টোবর দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করবেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাস্থ রয়েল নরওজিয়ান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন সিলজে ফাইনস ওয়ান্নেবো ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিন, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও অ্যাক্টেভিস্ট মানজারে হাসিন মুরাদ, বিশিষ্ট অভিনেত্রী ও নির্মাতা রোকেয়া প্রাচী ও ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের সভাপতি শীপা হাফিজা ।
দুই দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসবে তরুণ নির্মাতাদের ৬৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রর্দশনের পাশাপাশি শান্তি প্রতিষ্ঠায় শিল্প, গণমাধ্যম, চলচ্চিত্রের ভূমিকা বিষয়ে একাধিক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হবে।

বিনোদন ডেস্ক