নাটকে কাজ করার অনেক সুযোগ ছিল কিন্তু আমার টার্গেট সিনেমা : দীপ
কয়েক বছর ধরেই স্ট্রাগল করছেন অভিনেতা সুদীপ বিশ্বাস দীপ। কাজ করেছেন নাটক, সিনেমাতে। তবে আলোচনায় আসেন আন্তর্জাতিক টিভি চ্যানেল এইচবিওর ‘ইনভিজিবল স্টোরিজ’ এ অভিনয় করে। এছাড়াও ক্লোজআপ কাছে আসার গল্পের দুটি সিজনে তাঁর অভিনয় প্রশংসা কুড়ায়।
নাটকে অনেক সুযোগ থাকলেও সে পথে হাঁটতে চাননি থিয়েটার থেকে আসা এই অভিনেতা। লক্ষ্য একমাত্র সিনেমা, এটাই তার কাছে ধ্যান-জ্ঞান। নতুন একজন অভিনেতাকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মতো জটিল জায়গায় অবস্থান তৈরি করতে যে ধরনের স্যাক্রিফাইজ করতে হয়, তার সবটাই নীরবে-নিভৃতে করে গেছেন দীপ। আর্থিকভাবে সাবলম্বী হওয়ার কথা চিন্তা না করে ধৈর্য ধরেছেন ভালো সিনেমার জন্য। দু-একটা ছবিতে চুক্তিবদ্ধ হয়েও হাতছাড়া হয়েছে। কিন্তু নিরাশ হননি দীপ। তাই তো সুফল পেতে শুরু করেছেন এই তরুণ তারকা।
পরপর দুই মাসে দুটি বড় বাজেটের ছবি নিয়ে বড় পর্দার দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। আগামী সেপ্টেম্বরের ২২ তারিখ মুক্তি পাবে তার সিনেমা ‘ময়ূরাক্ষী’। রাশিদ পলাশের পরিচালনায় এই ছবিতে দীপের বিপরীতে রয়েছেন ঢালিউডের গ্ল্যামার গার্ল ইয়ামিন হক ববি। এর ঠিক পরের মাসেই অর্থাৎ অক্টোবরে দীপ হাজির হবেন ‘প্রিয় প্রাক্তন’ নামের একটি সিনেমা নিয়ে। এখানে শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা পাওয়া প্রার্থনা ফারদীন দীঘি রয়েছেন নায়িকার ভূমিকায়।
দীপ বলেন, ‘নাটকে কাজ করার অনেক সুযোগ ছিল আমার জন্য কিন্তু আমার একমাত্র টার্গেট সিনেমা। যে কারণে আমি সঠিক সময়ের জন্য ধৈর্য্য ধরে অপেক্ষা করেছি। এরমধ্যে অনেক কাজের প্রস্তাবই পেয়েছি কিন্তু চেয়েছি একটা ভালো প্রজেক্টের। চলচ্চিত্রে নিজের একটি ভালো জায়গা তৈরি করতে চাই। এ জন্য চলচ্চিত্রের বাইরে কিছুই ভাবিনি। কিন্তু আমি এমন সুন্দর গল্পের বড় বাজেটের দুটি সিনেমার নায়কের চরিত্রে সুযোগ পেয়েছি। দুটি ছবির পরিচালক ও প্রযোজকদের প্রতি কৃতজ্ঞতা যে, তারা আমার প্রতি বিশ্বাস রেখেছেন। আমিও চেষ্টা করেছি একেবারে চরিত্র দুটি নিয়ে মানসিক ও শারীরিক প্রস্তুতি নিয়ে সেটে যেতে।’
তিনি আরও বলেন, ‘দুটি ছবিতেই কাজের অভিজ্ঞতা খুব ভালো। আমার সহশিল্পী ববি ও দীঘি দুজনেই দারুণ এবং সবচেয়ে বড় কথা দুটো ছবিই ভালো হয়েছে। এখন বাকিটা দর্শক বলতে পারবে। ‘ময়ূরাক্ষী’ নিয়ে যদি বলি, এটা আট-দশটা ঢালিউড সিনেমার মতো গল্প নয়। দর্শক পছন্দ হওয়ার মতো ছবি। বড় বাজেটের, বড় ক্যানভাসের ছবি। গান, রোমান্স, সাসপেন্স সবই রয়েছে এখানে। আমার চরিত্রেরও কয়েকটা লেয়ার আছে।
আর ‘প্রিয় প্রাক্তন’ হচ্ছে একদমই পিউর রোমান্টিক গল্পের সিনেমা। এটা ‘জীবন জুয়া’ নামের অ্যান্থোলজি চলচ্চিত্রের একটি গল্প। এই ছবিতে আমাকে এবং দীঘিকে সাতটি ভিন্ন ভিন্ন লুকে দেখা যাবে, যা দর্শক উপভোগ করবেন।’

বিনোদন ডেস্ক