টেনেটুনে চলছে সিনেমা, কার্তিক কিনলেন ২২ কোটির ফ্ল্যাট
‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার পর কার্তিক আরিয়ানের আর কোনও সিনেমা সে ভাবে সাফল্যের মুখ দেখেনি। ২৯ জুন মুক্তি পাওয়া ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমা যে বিরাট সাফল্য পেয়েছে তেমনটা নয় তবে ব্যর্থ বলা যায় না। কোনও মতে উতরে গিয়েছে সিনেমাটি।
তবে এই খুশিতে মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে সিদ্ধি বিনায়ক সোসাইটিতে ফ্ল্যাটটি কিনেছেন কার্তিক। ওই ভবনের অষ্টম তলায় আরও একটি ফ্ল্যাট রয়েছে অভিনেতার। সেখানেই পরিবার নিয়ে থাকেন তিনি।
নতুন ফ্ল্যাটের অবস্থান দ্বিতীয় তলায়। কার্তিক আরিয়ান নতুন এই ফ্ল্যাটের পাওয়ার অব অ্যাটর্নি করেছেন তার মা মালা তিওয়ারিকে। তিনিই এর যাবতীয় রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করবেন।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ৩০ জুন ফ্ল্যাটটি কিনেছেন কার্তিক। ১ হাজার ৫৩৬ বর্গফুটের এই ফ্ল্যাটের জন্য তিনি ১৭ কোটি ৫০ লাখ রুপি ব্যয় করেছেন। যা বাংলাদেশি মুদ্রায় ২২ কোটি টাকারও বেশি। এছাড়া রেজিস্ট্রেশনের জন্য আরও ১ কোটি ৫ লাখ রুপি খরচ করেছেন কার্তিক।
বর্তমানে কার্তিকের হাতে রয়েছে কবির খানের নির্মাণে ‘চান্দু চ্যাম্পিয়ন’ ও সফল ফ্র্যাঞ্চাইজি ‘আশিকি’র তৃতীয় কিস্তি।

বিনোদন ডেস্ক