অভিনেত্রী সুজাতাকে জমিসহ বাড়ি দিলো ঢাকা জেলা প্রশাসন
একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী সুজাতা আজিমকে মানবিক সহযোগিতা করেছে ঢাকা জেলা প্রশাসন। অভিনেত্রী একটি স্থায়ী আবাসনের আবেদন করেছিলেন, এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে মঙ্গলবার (১৩ জুন) সুজাতার হাতে ওয়ারী মৌজার একটি জমিসহ বাড়ির (অর্পিত সম্পত্তি) দলিল হস্তান্তর করা হয়।
জানা গেছে, একসময়কার গুণী অভিনেত্রী সুজাতা আজিম বনশ্রীর একটি ভাড়া বাসায় জীবনযাপন করছিলেন। সময়ের নিষ্ঠুর পরিক্রমায় তিনি পারিবারিক জীবনে আজ অনেকটা অসচ্ছল ও অসহায়। স্থায়ী আবাসনের বিষয়ে তিনি ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। পরে সুজাতার আবাসনের জন্য একটি বাড়ি খুঁজে বের করার নির্দেশ দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। প্রশাসন ওয়ারীর লালচান মকিম লেনের ৪৩, ৪৩/২, ৪৩/৩নং দাগের সম্পত্তি দখলদারদের কবল থেকে উদ্ধার করে। সেখানে আবাসনের জন্য সুজাতাকে জমিসহ বাড়ির দলিল বুঝিয়ে দেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, জেলা প্রশাসনের কর্মকর্তা, সপরিবারে চিত্রনায়িকা সুজাতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চিত্রনায়িকা সুজাতা তার আবেগঘন বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা জেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, গুণী, জ্ঞানী ও বিশিষ্টজন যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদের আবাসনের জন্য ঢাকা জেলা প্রশাসন সব সময় কাজ করে। এ ছাড়া সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও জনকল্যাণমুখী সংগঠনগুলো সদস্যদের জন্য উদ্ধার করা খাসজমি বা অর্পিত সম্পত্তি বরাদ্দ দেওয়া হবে।

বিনোদন ডেস্ক