চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্যের বাসভবনে তালা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত থেকে বিক্ষোভ মিছিল করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালেও ক্যাম্পাসে তাদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছে।
একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
সোমবার রাতে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। এ খবর ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশেও নতুন উপাচার্য হিসেবে শেখ শরীফুল আলমের নিয়োগ এবং অধ্যাপক সায়েমকে অব্যাহতি দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে।
জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। সাধারণত রাত ৮টার মধ্যে ছাত্রীদের আবাসিক হলের ফটক বন্ধ হয়ে গেলেও উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে রাত ১১টার দিকে ছাত্রীরাও হল থেকে বের হয়ে মিছিলে যোগ দেন।
মিছিলটি স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক, একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষকদের আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার অর্ণব বলেন, হঠাৎ করে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে আমরা শিক্ষার্থীরা হতাশ ও ক্ষুব্ধ। অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলছিল। কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই তাকে পরিবর্তন করা হয়েছে। আমরা এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাকে পুনর্বহালের দাবি জানাচ্ছি।
বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসান আল সিয়াম বলেন, আমাদের আন্দোলন কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। আমরা সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবি জানাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যাব।
রাত ১২টার দিকে মিছিলটি আবার স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে তারা প্রতিবাদ জানান। মঙ্গলবার সকালেও শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।
এদিকে চুয়েট শিক্ষক সমিতিও সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে। শিক্ষক সমিতির জরুরি সভায় উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার করে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবি জানানো হয়েছে।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসানুল্লাহ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষক সমিতির সভায় চুয়েটের নতুন উপাচার্য নিয়োগ বাতিল করে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় চুয়েটের উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবি জানানো হয়েছে।

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম