মতিঝিল আইডিয়ালে ছাত্রীদের বর্ণাঢ্য নবীনবরণ
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে কলেজ ক্যাম্পাস সাজানো হয় নীল-সাদা বেলুন, ফুল আর বর্ণিল ব্যানারে। মূল ফটকে টাঙানো ছিল ‘নবীনবরণ এট আইএসসি ২০২৬’ লেখা ব্যানার।
এইচএসসির ২৮তম ব্যাচের নবীন ছাত্রীরা রঙিন শাড়ি পরে, হাতে ফুল নিয়ে অনুষ্ঠানে আসেন। সিনিয়র শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফরোজা আব্বাস। তিনি ফলক উন্মোচন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এদিন ঢাকা ব্যাংকের সৌজন্যে নির্মিত অভিভাবক শেডেরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা নবীনদের পড়াশোনায় মনোযোগী হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
বক্তব্য পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্রীরা দলবদ্ধভাবে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। পুরো অনুষ্ঠান বড় এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক