চট্টগ্রামে সরকারি দুই দপ্তরের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ
চট্টগ্রাম মহানগরে দুটি সরকারি দপ্তর লক্ষ্য করে ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে পাঁচলাইশ থানার ষোলশহরের ২ নম্বর গেইটে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় ও চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে এসব পেট্রোল বোমা ছোড়া হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাত ৮টার দিকে ২ নম্বর গেইট এলাকায় অবস্থিত এলজিইডি কার্যালয়ের সামনে দুটি এবং পার্শ্ববর্তী চান্দগাঁওমুখী ভূমি কার্যালয়ের সামনে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
সিএমপি পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এলজিইডি অফিসের সামনে পড়া দুটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়নি।
তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। ওপরের ফ্লাইওভার থেকে পেট্রোল বোমাগুলো নিচে নিক্ষেপ করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে বলে জানিয়েছেন ওসি।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)