ফুডপান্ডাকে আলটিমেটাম চট্টগ্রামের রেস্তোরাঁ মালিকদের
ফুডপান্ডার মোট চার্জ সর্বোচ্চ ১৫ শতাংশে নামানোসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির চট্টগ্রাম মেট্রোপলিটন শাখা। এসব দাবি পূরণ না হলে ফুডপান্ডার অর্ডার নেওয়া বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন সংগঠনটির নেতারা।
শনিবার (৭ নভেম্বর) নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সমিতির নেতারা। এ সময় ফুডপান্ডার বিরুদ্ধে রেস্তোরাঁগুলোর ওপর অতিরিক্ত চার্জ চাপিয়ে দেওয়া, নানা অজুহাতে টাকা কেটে নেওয়া এবং পাওনা পরিশোধে দেরি করার অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে ছয় দফা দাবির মধ্যে রয়েছে- ফুডপান্ডার মোট চার্জ সর্বোচ্চ ১৫ শতাংশ নির্ধারণ, টাকা কাটার স্বচ্ছ হিসাব দেওয়া, রেস্তোরাঁর কোনো দায় না থাকলে অর্ডার বাতিলের জন্য ক্ষতিপূরণ দেওয়া, রাইডারদের দেরির কারণে জরিমানা বন্ধ করা, ভিত্তিহীন অভিযোগে টাকা কাটা বন্ধ করা ও সাত দিনের মধ্যে বকেয়া পাওনা পরিশোধ করা।
রেস্তোরাঁ মালিকদের অভিযোগ, অনলাইন ফি, অপেক্ষার চার্জ, কমিশনের ওপর ভ্যাট, ট্যাবলেট ফি ও ইন্টারনেট বিলসহ বিভিন্ন খাতে তাদের টাকা দিতে হচ্ছে। এসব চার্জ ও কর্তনের কারণে রেস্তোরাঁগুলোর প্রকৃত আয় অনেক কমে যাচ্ছে।
সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক বলেন, ফুডপান্ডার জটিল হিসাব বিবরণের কারণে কোন খাতে কত টাকা কাটা হচ্ছে, তা বোঝা কঠিন। দেশীয় ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলো যেখানে সমন্বিত কমিশন কাঠামোর মাধ্যমে পরিচালিত হচ্ছে, সেখানে ফুডপান্ডা কেন কমিশনের বাইরে অতিরিক্ত চার্জ আদায় করছে, সেই প্রশ্নও তোলেন তিনি।
সমিতির সভাপতি ইমতিয়াজ উদ্দিন নওশাদ বলেন, অর্ডার পাওয়ার পর রেস্তোরাঁগুলোকে খাবারের উপকরণ, শ্রমিক ও রান্নার খরচ বহন করতে হয়। খাবার তৈরির পর কোনো অর্ডার বাতিল হলে তা সব সময় অন্য গ্রাহকের কাছে বিক্রি করা সম্ভব হয় না। ফলে ওই ক্ষতি রেস্তোরাঁকেই বহন করতে হয়।
ইমতিয়াজ উদ্দিন নওশাদ আরও বলেন, রাইডাররা খাবার নিতে দেরিতে পৌঁছালে গ্রাহক অর্ডার বাতিল করেন। কিন্তু এ ক্ষেত্রে রেস্তোরাঁগুলোকেই জরিমানা দিতে হয় বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। এ ধরনের পরিস্থিতির দায় রেস্তোরাঁর ওপর চাপানো উচিত নয়।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম