ধর্ম ব্যবহার করে রাজনীতি করা ব্যক্তিদের কোনো মূল্যবোধ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
ধর্মের নাম ব্যবহার করে যারা রাজনীতি করছেন, তাদের নানা কর্মকাণ্ডে প্রকৃত ধর্মীয় মূল্যবোধের কোনো প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এসব শক্তি দেশের মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে। স্বাধীনতার আগে ও পরে তারা বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক রাজনীতির মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চালিয়েছে। আজ শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই গণ-অভ্যুত্থানের সনদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়তা ব্যক্ত করে বলেন, ছাত্র-জনতার প্রত্যাশা ও দীর্ঘ আলোচনার ভিত্তিতে যে ‘জুলাই সনদ’ প্রণীত হয়েছে, তা আমরা বাস্তবায়ন করবই। এর পাশাপাশি ইসলামী আকিদা ও মূল্যবোধের সকল গুরুত্বপূর্ণ বিষয় সংবিধানে পুঙ্খানুপুঙ্খভাবে ধারণ করা হবে, ইনশাআল্লাহ।
আন্দোলনের নামে দেশে কোনো ধরনের বিভ্রান্তি বা অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আপনারা সরকারের সমালোচনা করুন, তবে তা অবশ্যই গঠনমূলক হতে হবে। সরকারের সঙ্গে নীতিগত অসহযোগিতা করতে পারেন, কিন্তু দেশের মানুষ বা দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে অসহযোগিতা করবেন না। রাজনীতিতে ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ বা আদর্শিক ভিন্নতা থাকতে পারে। কিন্তু একটি মৌলিক বিষয়ে আমরা সবাই ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ—যারা এ দেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছে, গণহত্যা ও ম্যাসাকার চালিয়েছে, দীর্ঘ বহু বছর ধরে আলেম-ওলামাদের রক্ত ঝরিয়েছে, তাদের এ দেশের মাটিতে মানুষ আর কখনো রাজনীতি করতে দেবে না।
ইতিহাস ও রাজপথের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যেমন ২৩ বছর সংগ্রাম করতে হয়েছে, ঠিক তেমনি একটি ফ্যাসিবাদী, ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করতে দীর্ঘ ১৭ বছর লড়াই করতে হয়েছে। এই আন্দোলনে আমাদের অগণিত আলেম-ওলামা রক্ত দিয়েছেন। শাপলা চত্বরের নির্মমতায় কত মানুষ শহীদ হয়েছেন, এখনো তাদের সবার নাম ও কবরের সঠিক ঠিকানা আমাদের জানা নেই। এত অগণিত রক্ত ও ত্যাগের বিনিময়েই আজ আমরা সেই দুঃশাসনের হাত থেকে মুক্তি পেয়েছি।
জাতিসংঘের তথ্যের বরাত দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, কেবল জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানেই প্রায় ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। আর বিগত ১৬-১৭ বছরের শাসনামলে প্রায় ৩ হাজার মানুষ নির্মম গুমের শিকার হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমিও তাদের একজন ছিলাম। রব্বুল আলামিন আমার হায়াত রেখেছিলেন, আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আজও বেঁচে আছি। এ ছাড়া এই সময়ে প্রায় সাত হাজার মানুষ নানাভাবে হত্যার শিকার ও চরম নির্যাতিত হয়েছেন এবং লাখ লাখ মানুষ হামলা-মামলা ও শারীরিক নিপীড়নের শিকার হয়েছেন।
রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও সংবিধান সংস্কার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ‘মহান আল্লাহর প্রতি পরম আস্থা ও বিশ্বাস’ বাদ দিয়েছিলেন, আমরা তা পুনর্স্থাপন করব। সংবিধানের প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাসের বিষয়টি পুনরায় অন্তর্ভুক্ত করা হবে। এই সংবিধানের শুরুতেই ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ যুক্ত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যা পরবর্তীতে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে স্থান পেয়েছিল।
মাহফিলে বিশেষ অতিথি ও আমন্ত্রিত প্রতিনিধি হিসেবে আরও উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, রাউজান আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর এবং রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ স্থানীয় বিপুলসংখ্যক আলেম-ওলামা ও সাধারণ মুসল্লি।

নিজস্ব প্রতিবেদক