সড়ক দুর্ঘটনায় রংপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
রংপুরে সড়ক দুর্ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আফিক হাসান অভি নিহত হয়েছেন। আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে রংপুর নগরীর দর্শনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অভি বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়। বিভাগীয় আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দর্শনা মোড়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ির সামনে কাভার্ডভ্যান ও পিকআপের মাঝখানে পড়ে দুর্ঘটনার শিকার হন অভি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসমাঈল হোসেন বলেন, আমি এখন হাসপাতালের জরুরি বিভাগে আছি। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ নেওয়ার ব্যবস্থা করছি। একটি ট্রাক আটক করা হয়েছে, সেটি থানায় রয়েছে।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছি এবং আসামি ধরার জন্য কাজ করে যাচ্ছি।

এ কে জায়ীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়