মাহফিলের অনুমতি না পেয়ে সড়কের পাশে বক্তব্য দিলেন তাহেরী
কুমিল্লার সদর দক্ষিণে প্রশাসনের অনুমতি না থাকায় মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর মাহফিল বন্ধ করে দিয়েছে পুলিশ। তবে মাহফিল করতে না পেরে অলিরবাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে চলে যান তিনি।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এ তথ্য জানান।
খোঁজ নিয়ে জানা যায়, আজ শুক্রবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মাহফিল হওয়ার কথা ছিল মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর। তবে তার আগমনকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার থেকেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তাহেরীকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে আবেদনও জানায় তারা।
পরে সদর দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজক কমিটিকে মাহফিল বন্ধ রাখার অনুরোধ করে। আজ শুক্রবার সকাল থেকেই অলিরবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিকেল ৪টার দিকে তিনি ওই এলাকায় পৌঁছে সড়কের পাশে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে কয়েক মিনিট বক্তব্য দেন। এরপর সেখান থেকে চলে যান তিনি।
হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিলের আয়োজন করা হচ্ছিল। তিনি একজন বিতর্কিত বক্তা। এ কারণে স্থানীয়দের সঙ্গে তারাও প্রতিবাদ জানিয়েছেন।
তাহেরীর অনুসারী আমির হোসেন বলেন, হেফাজতে ইসলামের লোকজন তাহেরী হুজুরকে মাহফিল করতে দেননি। এ কারণে তিনি সড়কের পাশে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে কয়েক মিনিট কথা বলে চলে যান।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, প্রশাসনের অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে মাহফিল করতে দেওয়া হয়নি। সকাল থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা