ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চম
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এ সময় ঢাকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর।
বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের লাইভ র্যাংকিং অনুযায়ী, আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঢাকার একিউআই স্কোর ছিল ১৬৩। এর ফলে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে রয়েছে।
একই সময়ে ৩৭৪ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ৩০৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল। এই দুটি শহরের বাতাসের মানই ‘দুর্যোগপূর্ণ’ বা ‘বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে।
তালিকায় ২৯২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ১৮০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এ ছাড়া ঢাকার সমান ১৬৩ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। কলকাতা, ঢাকা ও দুবাই— এই তিনটি শহরের বাতাসের মানই ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ বা তার বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক হিসেবে ধরা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক