মান্দায় ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নওগাঁর মান্দা উপজেলায় ১২ ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত এবং আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার দুটি ভিন্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—উপজেলার কুসুম্বা ইউনিয়নের কীর্তলি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাগর হোসেন (২৫) এবং পরানপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে শহিদুল ইসলাম শহীদ (৩০)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে সাগর হোসেন মোটরসাইকেলে করে চৌবাড়ীয়া বাজারে যাচ্ছিলেন। পথে দেলুয়াবাড়ি-চৌবাড়ীয়া সড়কের নিচ মহানগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই সাগর হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকটি ফেলে রেখে চালক ও তার সহকারী পালিয়ে যান।
অপরদিকে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন শহিদুল ইসলাম শহীদ। পথে মান্দা-নিয়ামতপুর সড়কের যদুপিয়নের মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী মালবাহী বাহন (পিকআপ) ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান শহিদুল ইসলাম।
ওসি আফজাল হোসেন আরও জানান, পৃথক এই দুটি দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহনই জব্দ করেছে পুলিশ। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ