পরিবারসহ শিক্ষক গণপতি হত্যায় দুজনের বিরুদ্ধে চার্জশিট
রংপুরের আলোচিত অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুব রশিদ।
ব্রিফিংয়ে পুলিশ কমিশনার বলেন, গ্রেপ্তারদের ডিএনএ পরীক্ষা, তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা মালামাল, ৫৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ২২ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়িতে চুরি করতে গিয়েছিলেন প্রতিবেশী সিদ্ধার্থ ও মুগ্ধ দাস। চুরির সময় তাদের চিনে ফেলায় তারা শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বুলা, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে প্রীতম চক্রবর্তীকে হত্যা করেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আসামিদের খাওয়া খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ ও নেশায় ব্যবহৃত ফয়েল পেপার সিআইডির ফরেনসিক ল্যাবে ডিএনএ পরীক্ষা করে সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের নমুনার সঙ্গে মিল পাওয়া গেছে।
ব্রিফিংয়ে ডিবির উপকমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তী বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণ ও দীর্ঘ তদন্তে হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই আসামির জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে সন্দেহাতীতভাবে স্পষ্ট হয়েছে।
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই এলাকা থেকে প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। আসামিরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন। বর্তমানে দুই আসামিই রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

এ কে এম মঈনুল হক, রংপুর