মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসীসহ নিহত ২
মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তানভীর হাওলাদার (২৫) নামের এক ইতালি প্রবাসী মোটরসাইকেল চালক এবং শুকুরজান বিবি (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) রাতে মাদারীপুর সদর উপজেলা ও শিবচর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর হাওলাদার মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের খামারবাড়ি এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে এবং নিহত শুকুরজান বিবি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মজিদ ফকিরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তানভীর সড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মাত্র ১৫ দিন আগে তিনি বিয়ে করেছিলেন।
অন্যদিকে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় শুকুরজান বিবি নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর