টুঙ্গিপাড়া থানায় হামলা-অস্ত্র লুটের মামলায় আসামি ৮ হাজার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৮ হাজার জনকে।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২২ নভেম্বর একই থানার এসআই কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে একটি সংঘবদ্ধ দল বেআইনিভাবে থানায় প্রবেশ করে হামলা চালায়। এ সময় হত্যার উদ্দেশ্যে মারধর করে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের গুরুতর জখম করা হয়। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয় এবং সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করা হয়।
মামলার বিবরণী অনুযায়ী, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এলএমজির ১০০ রাউন্ড গুলি; ৮টি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি; ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ; ২টি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল; ৮টি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি; ১টি ৭.৬২ পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং ৩টি এসএমজি, ৬টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২১ কোটি টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারাসহ দণ্ডবিধি এবং অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

কাজী মাহমুদ, গোপালগঞ্জ