কুমিল্লা মেডিকেলে ইসিজি-ইকোতে ঘুষ, ওষুধের হিসাবেও ব্যাপক গরমিল
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন রোগীরা। ইসিজি পরীক্ষার নামে টাকা নেওয়া হলেও দেওয়া হচ্ছে না সরকারি রশিদ, আর ইকো পরীক্ষায় নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা দিলেই কেবল মিলছে দ্রুত সেবা। অন্যদিকে হাসপাতালের ওষুধের মজুত ও স্টক রেজিস্টারে পাওয়া গেছে বড় ধরনের গরমিল, যা থেকে সরকারি ওষুধ বাইরে বিক্রি বা আত্মসাতের সন্দেহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার (২৫ নভেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লার সহকারী পরিচালক মো. এমরান হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে। দলের অন্য দুই সদস্য হলেন উপসহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল ও সানজিদা আকতার শিলা।
দুদকের অভিযান সূত্রে জানা যায়, হাসপাতালের কার্ডিওলজি বিভাগে প্রতিটি ইসিজি পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে ৮০ টাকা করে নেওয়া হলেও কোনো রশিদ দেওয়া হচ্ছে না। দায়িত্বে থাকা কার্ডিওগ্রাফার মোহাম্মদ হাফিজুর রহমান ছোট সাদা কাগজে টাকার হিসাব রাখতেন এবং পরে নিজের সুবিধামতো মাত্র ৩০ থেকে ৫০ জন রোগীর নামে রেজিস্টারে টাকা জমার তথ্য তুলতেন। অথচ প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ২৩০ থেকে ২৫০ জন রোগী ইসিজি করাতে আসেন। ফলে বিপুলসংখ্যক রোগীর কাছ থেকে নেওয়া টাকা সরকারি হিসাবে জমা না হওয়ার প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। অভিযানকালে তার ড্রয়ার থেকে রশিদ বই উদ্ধার করা হয়, যেখানে গ্রাহকের কপি রোগীদের না দিয়ে নিজের কাছেই রেখে দেওয়ার প্রমাণ মিলেছে। কয়েকজন রোগীর রিপোর্ট যাচাই করেও টাকা পরিশোধের বিপরীতে রেজিস্টারে কোনো তথ্য বা রশিদ পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে এসব বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মী।
ইকো পরীক্ষাতেও অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা পেয়েছে দুদক। এই পরীক্ষার সরকারি নির্ধারিত ফি ২০০ টাকা হলেও রোগীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। অর্থাৎ নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা গুনতে হচ্ছে রোগীদের। যারা বাড়তি টাকা দিচ্ছেন, তাদের তাৎক্ষণিকভাবে ইকো পরীক্ষা করে দেওয়া হচ্ছে, আর সাধারণ রোগীদের পরীক্ষার জন্য দুই থেকে চার দিন পরের তারিখ দেওয়া হচ্ছে। ইকো কক্ষে দায়িত্বরত কর্মীদের কাছে পৃথক সাদা কাগজে রোগীদের তালিকা রাখার বিষয়টিও দুদকের নজরে এসেছে।
শুধু পরীক্ষা-নিরীক্ষা নয়, হাসপাতালের ওষুধের হিসাবেও মিলেছে ব্যাপক গরমিল। বহির্বিভাগের ১৩৮ নম্বর ওষুধ বিতরণ কেন্দ্রের স্টক রেজিস্টার যাচাই করে দেখা যায়, সেখানে নিয়মিত হিসাব হালনাগাদ করা হয় না। কয়েক দিন পরপর নিজেদের সুবিধামতো হিসাব লেখা হয়। বাস্তব মজুত গণনা করে রেজিস্টারের সঙ্গে কোনো মিল পাওয়া যায়নি। মন্টিলুকাস্ট ওষুধের রেজিস্টারে ২৬ হাজার ৬০০ পাতা থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া গেছে ২৫ হাজার ৬০০ পাতা- অর্থাৎ ঘাটতি রয়েছে এক হাজার পাতা।
হাসপাতালের কেন্দ্রীয় ওষুধের স্টোরেও একই চিত্র দেখা গেছে। স্টোর কিপার শ্যামল কান্তি রায়ের উপস্থিতিতে মজুত যাচাই করে রেজিস্টারের সঙ্গে বড় ধরনের গরমিল পাওয়া যায়। একটি হিসাবে ২৪ হাজার ২৬৫টি ওষুধ থাকার কথা থাকলেও ‘এস্কেপ’ ও ‘বিকন’ ব্র্যান্ডের ওষুধ মিলিয়ে পাওয়া গেছে ১৭ হাজার ৬০৯টি, বাকি ৬ হাজার ৬৫৬টি ওষুধের কোনো হিসাব দিতে পারেননি স্টোর কিপার। এ ছাড়া হাইড্রোকর্টিসন ১০০ মিলিগ্রাম ইনজেকশনের রেজিস্টারে ২০ হাজার ১০১টি থাকার কথা থাকলেও বাস্তবে মিলেছে ১৯ হাজার ১০০টি, যেখানে ঘাটতি প্রায় এক হাজার ইনজেকশন। পাশাপাশি কয়েক ধরনের ইনজেকশনের প্যাকেটে সরকারি সম্পত্তি হিসেবে কোনো চিহ্ন বা সিল পাওয়া যায়নি। মজুতে ঘাটতি ও সরকারি সিল না থাকায় এসব ওষুধ বাইরে বিক্রি বা আত্মসাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে দুদক।
হাসপাতালের পরিচ্ছন্নতা সামগ্রী কেনাকাটাতেও অস্বাভাবিক ব্যয়ের প্রমাণ মিলেছে। সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স মিথিল এন্টারপ্রাইজের পণ্যের চালান ও বাজারমূল্য যাচাই করে দুদক দেখেছে, বাজারদরের চেয়ে দেড় থেকে তিন গুণ বেশি দামে বিভিন্ন পণ্য কেনা হয়েছে। এর মধ্যে ৬০ টাকার মেরিল সাবান ৮৯ টাকায়, ১৪০ টাকার টয়লেট ক্লিনার ২৪৯ টাকায়, ২০০ টাকার ফিনাইল ৩৯৯ টাকায়, ২৫ টাকার টিস্যু ৬৯ টাকায় এবং ১০০ টাকার হ্যান্ডওয়াশ ১৯০ টাকা দরে কেনা দেখানো হয়েছে। এ ছাড়া ১৮০ টাকার ওয়াশিং পাউডার ৩৮০ টাকায়, ৮০ টাকার প্লাস্টিকের বদনা ১৪৯ টাকায় এবং ১৩০ টাকার পানির জগ ৩৭০ টাকায় কেনা হয়েছে। এর মাধ্যমে সরকারি অর্থের অপচয় ও আত্মসাতের আশঙ্কা তৈরি হয়েছে।
কুমিল্লার সহকারী পরিচালক মো. এমরান হোসেন বলেন, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু নথিপত্র চাওয়া হয়েছে, যা জমা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সময় চেয়েছে। প্রয়োজনীয় সব নথিপত্র সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

মাহফুজ নান্টু, কুমিল্লা