দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : জিওসি কুমিল্লা
দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে মন্তব্য করেছেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং দেশের প্রয়োজনে বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে সেনাবাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও শান্তিরক্ষা কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে সশস্ত্র বাহিনী।
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) কুমিল্লা সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহতাশিম হায়দার চৌধুরী এসব কথা বলেন।
জিওসি বলেন, মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি কুমিল্লার সাধারণ মানুষের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধে এ অঞ্চলের মানুষের আত্মত্যাগ ও সাহসিকতা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোহতাশিম হায়দার চৌধুরী আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত। দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করে পেশাদারত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করাই সশস্ত্র বাহিনীর মূল লক্ষ্য।
এর আগে যথাযোগ্য মর্যাদা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সাবেক সেনাসদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। পাশাপাশি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদানের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় সামরিক-বেসামরিক কর্মকর্তা, সাবেক সেনাসদস্য ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

মাহফুজ নান্টু, কুমিল্লা