হেফাজতে ইসলামের প্রতিবাদে বন্ধ তাহেরীর মাহফিল
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর পূর্বনির্ধারিত মাহফিল বন্ধ করে দিয়েছে প্রশাসন। স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের প্রতিবাদ ও বিক্ষোভের মুখে আজ শুক্রবার (২৭ নভেম্বর) আইনশৃঙ্খলা বাহিনী অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।
আজ শুক্রবার দুপুরে অলিরবাজারে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তাহেরীর আগমনকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার থেকেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তাকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনের কাছেও অভিযোগ জানায় তারা।
হেফাজতে ইসলামের সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিলের আয়োজন করা হচ্ছিল। বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীকে কোনোভাবেই অলিরবাজারে মাহফিল করতে দেওয়া হবে না। তিনি আসার চেষ্টা করলে পাল্টা কর্মসূচির মাধ্যমে তা প্রতিহত করা হবে।
অন্যদিকে তাহেরীর অনুসারী আমির হোসেন বলেন, ‘যেকোনো কিছুর বিনিময়ে তাহেরী হুজুরের প্রোগ্রাম করব।’
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, প্রশাসনের অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে মাহফিল করতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা