বন্ধ জাহানাবাদ-রূপসী বাংলা এক্সপ্রেস, বিকল্প পথে ট্রেন চালুর প্রস্তাব
নড়াইল ও গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে ঢাকা থেকে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। হঠাৎ এ সিদ্ধান্তে হতাশ হয়ে পড়েছেন নড়াইলসহ এই রুটের যাত্রীসাধারণ। দ্রুত রেলসেবাটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন তারা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বন্ধ হওয়া ট্রেন দুটির মধ্যে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ সাপ্তাহিক বন্ধের দিন সোমবার ব্যতীত প্রতিদিন ভোর ৬টায় খুলনা থেকে ছেড়ে যশোরের নওয়াপাড়া, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী ও ভাঙ্গা স্টেশন হয়ে ঢাকায় যেত। ট্রেনটি আবার রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে ভাঙ্গা, কাশিয়ানী, লোহাগড়া, নড়াইল, সিঙ্গিয়া ও নওয়াপাড়া হয়ে রাত ১১টা ৪৫ মিনিটে খুলনায় পৌঁছাত। অন্যদিকে, ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ সোমবার ব্যতীত প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ভাঙ্গা, কাশিয়ানী ও নড়াইল হয়ে দুপুর আড়াইটার দিকে যশোরের বেনাপোলে পৌঁছাত। ফিরতি পথে বিকেল সাড়ে ৩টায় বেনাপোল থেকে ছেড়ে যশোর, নড়াইল, কাশিয়ানী ও ভাঙ্গা হয়ে সন্ধ্যা ৭টায় ঢাকায় ফিরত। ২০২৪ সালের ডিসেম্বরে চালুর পর থেকে নড়াইল, লোহাগড়া, যশোর, বেনাপোল, নওয়াপাড়া ও কাশিয়ানীসহ আশপাশের এলাকার মানুষ তুলনামূলক কম সময় ও খরচে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতে পারতেন।
ট্রেন বন্ধের বিষয়ে নড়াইল শহরের দুর্গাপুর এলাকার চাকরিজীবী ফাহাদ শাহরিয়ার বলেন, সাপ্তাহিক ছুটিতে প্রতি শুক্র ও শনিবার নড়াইল স্টেশন থেকে ট্রেনে করে মাত্র দুই ঘণ্টার মধ্যে ঢাকায় যেতাম। ট্রেনটি বন্ধ হওয়ায় যাতায়াতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে।
আরেক যাত্রী বিথী খানম বলেন, সোমবার বাদে প্রতিদিন সকাল সাড়ে ৭টা ও বিকেল পৌনে ৫টায় নড়াইল থেকে ঢাকার ট্রেন পাওয়া যেত, পাশাপাশি বেনাপোল ও খুলনাতেও সহজে যাওয়া যেত। ২০২৪ সালের ডিসেম্বরে চালুর পর এই প্রথম ট্রেন দুটি বন্ধ হলো, আমরা দ্রুত এটি পুনরায় চালুর দাবি জানাই।
এদিকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত ১৯ নভেম্বর থেকে ট্রেন দুটির যাত্রা প্রতিদিন বাতিল করা হচ্ছে। এ বিষয়ে রেলওয়ের রাজশাহী কার্যালয়ের মহাব্যবস্থাপকের (পশ্চিম) পক্ষে সিনিয়র চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আবুল আওয়াল বুধবার (২৫ নভেম্বর) রাতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, যাত্রা বাতিল হওয়ায় বারবার যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিতে হচ্ছে, যা যাত্রীদের ভোগান্তি ও বিভ্রান্তির পাশাপাশি ট্রেন পরিচালনায় জটিলতা সৃষ্টি করছে।
চিঠিতে বিভাগীয় শহর খুলনার সঙ্গে ঢাকার যাত্রীসেবা সচল রাখা, রাজস্ব ক্ষতি এড়ানো এবং ট্রেনের কোচ ও ইঞ্জিনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে বিকল্প পথে ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেস বন্ধ রেখে সেগুলোর রেক দিয়ে খুলনা থেকে পোড়াদহ, রাজবাড়ী ও পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ নামে সাময়িকভাবে এক জোড়া ট্রেন চালানোর অনুমোদন চাওয়া হয়েছে।
প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ট্রেনটি খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে বেলা ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে এবং ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে। যাওয়া ও আসার পথে ট্রেনটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি করবে। সাময়িক এই ট্রেনটির টিকিট যাত্রার তিন দিন আগে থেকে বিক্রির ব্যবস্থা করার প্রস্তাবও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আবুল আওয়াল।

এম. মুনীর চৌধুরী, নড়াইল