নারায়ণগঞ্জে দুই লেগুনায় দুর্বৃত্তদের আগুন
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফুটপাতে পড়ে থাকা দুটি পরিত্যক্ত লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১৮ নভেম্বর) ভোরে সড়কের চাঁদমারি এলাকায় এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ভোরে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মাধ্যমে খবর পেয়ে এসআই মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টহল দল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে চাঁদমারি এলাকায় পৌঁছায়। সেখানে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ভবনসংলগ্ন হাফেজ মহিউদ্দিন শাহী দরবারের সামনের ফুটপাতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুটি পুরোনো লেগুনায় আগুন জ্বলতে দেখা যায়। পরে পথচারী ও পুলিশের সহায়তায় আগুন নেভানো হয়। লেগুনা দুটিতে কেউ না থাকায় এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, এটি একটি পরিকল্পিত নাশকতা। ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ২৩ মিনিটে একটি মোটরসাইকেলে করে তিনজন অজ্ঞাত ব্যক্তি সেখানে এসে ফুটপাতে থাকা লেগুনা দুটিতে আগুন ধরিয়ে দেয় এবং মাত্র দুই মিনিটের ব্যবধানে ৪টা ২৫ মিনিটে দ্রুত স্থান ত্যাগ করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, ইতোমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলে আসা ওই দুর্বৃত্তদের শনাক্ত করার কাজ চলছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।
এর আগে একই রাতে জেলার সিদ্ধিরগঞ্জেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত ৩টা ৫ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় মহাসড়কের পাশে পার্ক করে রাখা ‘থ্রি স্টার’ পরিবহণের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনাতেও মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত বাসে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)