চুরি হওয়া ৩১৬৫ মোবাইল উদ্ধার
আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া তিন হাজার ১৬৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এসব উদ্ধারকৃত ফোনের মধ্য থেকে বেশ কিছু মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে অবস্থিত ১২ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভার মাধ্যমে এসব ফোন ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
১২ এপিবিএন সূত্রে জানা গেছে, গত ২২ মাসে দেশের বিভিন্ন থানায় করা মোট ১৪ হাজার ৩২২টি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে অনুসন্ধান ও তদন্ত চালিয়ে এসব মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়। এর মধ্যে কেবল গত আগস্ট মাসেই উদ্ধার করা হয়েছে ১৩২টি ফোন। এই অভাবনীয় সাফল্যের ওপর ভর করে গত ২১ মাস ধরে দেশের এপিবিএনের সবকটি ব্যাটালিয়নের মধ্যে হারানো মোবাইল উদ্ধারে টানা প্রথম অবস্থান ধরে রেখেছে ১২ এপিবিএন।
জানা যায়, এপিবিএনের বিশেষায়িত ‘সাইবার ও সিডিআর অ্যানালাইসিস শাখা’ মূলত হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে। তারা জিডির তথ্য বিশ্লেষণ করে প্রযুক্তির সহায়তায় ফোনগুলো শনাক্ত করে উদ্ধার প্রক্রিয়া চালায়। অনুষ্ঠানে ফোন হস্তান্তরের পাশাপাশি মোবাইল ব্যাংকিং প্রতারণা এবং ভুলবশত অন্যের কাছে চলে যাওয়া টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দেওয়ার তথ্যও জানানো হয়।
১২ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবির জানান, জনগণের সেবা সুনিশ্চিত করতে এবং আধুনিক সাইবার অপরাধ দমনে তাদের বিশেষায়িত টিম সদা তৎপর রয়েছে। তিনি যেকোনো মোবাইল ফোন হারিয়ে গেলে তাৎক্ষণিক নিকটস্থ থানায় জিডি করার পাশাপাশি সতর্কতার অংশ হিসেবে ফোনের আইএমইআই নম্বর সংরক্ষণ করে রাখার পরামর্শ দিয়েছেন।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)