চাঁদাবাজি করতে মাসে ৫০ হাজার টাকা বেতন পেতেন সানি
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’-এর নিয়োগপ্রাপ্ত অন্যতম প্রধান সহযোগী মো. সাব্বির হোসেন সানিকে (৩৪) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ডিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সানির স্থায়ী ঠিকানা সাতক্ষীরার কালীগঞ্জ থানার সাতবসু গ্রামে হলেও তিনি বর্তমানে চট্টগ্রামের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় বসবাস করতেন।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও দীর্ঘ নিবিড় নজরদারির মাধ্যমে অবস্থান শনাক্ত করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির দলটি।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার সাব্বির হোসেন সানি সন্ত্রাসী বড় সাজ্জাদের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী। ইতিপূর্বে বিদেশে অবস্থান করলেও বড় সাজ্জাদের সরাসরি নির্দেশেই তিনি গত বছর দেশে ফিরে চট্টগ্রামে আসেন। দেশে ফেরার পর থেকেই তিনি সাজ্জাদ ও বোরহানের হয়ে চাঁদাবাজি, মারামারি ও সশস্ত্র মহড়াসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে সানি জানান, বড় সাজ্জাদের কাছ থেকে তিনি মাসিক ৫০ হাজার টাকা বেতন পেতেন। বর্তমানে কারাগারে থাকা ডেভিড ইমনের স্থলাভিষিক্ত হয়ে তিনি চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ নেটওয়ার্ক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন। এই চক্রের সদস্যরা এলাকায় ত্রাস ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক মোটা অঙ্কের অর্থ আদায় করত। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কিংবা ব্যর্থ হলে সানির সরাসরি নির্দেশে স্থানীয় সহযোগীদের মাধ্যমে ভুক্তভোগীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে সশস্ত্র হামলা চালানো হতো।
এ বিষয়ে জেলা গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, গ্রেপ্তার সানির বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ ও হাটহাজারী থানায় পৃথক দুটি মামলা চলমান রয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের একটি চাঞ্চল্যকর অডিও রেকর্ড জেলা গোয়েন্দা শাখার হাতে এসেছে। প্রাপ্ত ওই অডিও রেকর্ড ও অন্যান্য তথ্য-উপাত্ত পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। চাঁদাবাজির সঙ্গে তার প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতা, অন্যান্য সহযোগীদের পরিচয় এবং এই অপরাধী চক্রের পুরো নেটওয়ার্ক উদ্ঘাটনে পুলিশের বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের ধারাবাহিক সাঁড়াশি অভিযান ও কঠোর অবস্থানের মুখে বড় সাজ্জাদ ও ডেভিড ইমনের অনুসারী সন্ত্রাসী চক্রের সদস্যরা বিভিন্ন জেলায় আত্মগোপন করার চেষ্টা করলেও তাদের আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা শাখার বিশেষ তৎপরতা অব্যাহত রয়েছে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম