ভাঙ্গায় মহাসড়কে ২ মোটরসাইকেলে আগুন
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে অগ্নিসংযোগ ও দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপির নেতাকর্মীদের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকায় ফরিদপুর–ভাঙ্গা মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, মহাসড়কে আগুন জ্বালিয়ে অবস্থান নেয় একদল আন্দোলনকারী। এ সময় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আন্দোলনকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সহায়তায় প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অপরদিকে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ এলাকা থেকে মো. রাজু শেখ নামে একজনের অচেতন অবস্থার উদ্ধার করেছে স্থানীয়রা। পরে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম মামুন বলেন, কয়েকজন পথচারী একজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ নিয়ে আসে। পরে আমরা তার পরিচয় পাই৷ তার নাম রাজু মোল্লা। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে একটি ভিডিওতে দেখা যায়, আজ রাতে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যলয় ভাঙচুর করছে একদল নাশকতাকারী।

সঞ্জিব দাস, ফরিদপুর