৬ জেব্রার বিনিময়ে ৩ বাঘ পেল সাফারি পার্ক
প্রাণী বিনিময়ের মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে গাজীপুর সাফারি পার্কে তিনটি বাঘ আনা হয়েছে। বিনিময়ে গাজীপুর সাফারি পার্ক থেকে ছয়টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় দেওয়া হবে। ইতোমধ্যে তিনটি জেব্রা হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ব্যবস্থপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাক বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী। জ শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ গাজীপুর সাফারি পার্কে এসে পৌঁছেছে।
গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ বলেন, তিনটি বাঘের শারীরিক খোঁজ-খবর রাখা হচ্ছে নিয়মিত। বাঘ তিনটির বয়স মোটামুটি কম এজন্য বাঘ প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। শারীরিকভাবে বাঘ তিনটি সম্পূর্ণ সুস্থ আছে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বলেন, আজ শুক্রবার ভোররাতে বিশেষ ব্যবস্থাপনায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ সাফারি পার্কে এসে পৌঁছেছে। বাঘ তিনটি আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে। নতুন করে তিনটি বাঘ আসায় পার্কে আসা দর্শনার্থীরা অতিরিক্ত আনন্দ পাবে৷
মো. তারেক রহমান জানান, বাঘগুলো সুস্থ স্বাভাবিক খাবার খাচ্ছে। তিনটি বাঘ আনার পর সাফারি পার্কে বাঘের সংখ্যা মোট ১০টি।
ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বলেন, প্রাণী বিনিময়ের মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ সাফারি পার্কে আনা হয়েছে। পাশাপাশি সাফারি পার্ক থেকে ছয়টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় দেওয়া হবে৷ গত বুধবার তিনটি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনটি জেব্রা পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে। সাফারি পার্কে আনা তিনটি বাঘ কম বয়সী। দুটি নারী ও একটি পুরুষ বাঘ। বাঘ তিনটি আপাতত আলাদা বেষ্টনীতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কয়েকদিনের মধ্যে পার্কের নির্দিষ্ট বেষ্টনীতে ছেড়ে দেওয়া হবে। সেখানে সব দর্শনার্থীর জন্য উন্মুক্ত করা হবে।

আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)