গাজীপুরে ৫৫ কারখানা বন্ধ, ৩০টিতে সাধারণ ছুটি
গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে যানবাহনে পেট্রোল বোমা হামলাসহ পরিকল্পিত নাশকতার প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. আশিক সাঈদ। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে পুলিশ কয়েক দিন ধরেই তৎপর ছিল। বুধবার রাতে পেট্রলসহ গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগ নেতার প্রাইভেটকার থেকে উদ্ধার করা পেট্রল দিয়ে চলাচলরত যানবাহনে অগ্নিসংযোগের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গাজীপুরের শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় পুলিশ কমিশনার এসব কথা বলেন।
পুলিশ কমিশনার আরও জানান, গত ৮ নভেম্বর থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত নাশকতার মামলায় প্রায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে সন্ত্রাসবিরোধী আইনসহ নাশকতার অভিযোগে ১৪ থেকে ১৫টি মামলা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশ কমিশনার বলেন, পোশাক কারখানাভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আগে থেকেই কাজ করছিল। শ্রমিকেরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধের চেষ্টা করলেও পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিশেষায়িত নিরাপত্তা বাহিনীর (এসআরবি) সমন্বিত তৎপরতায় বড় ধরনের অপতৎপরতা ঠেকানো সম্ভব হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে।
পেট্রলসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
পুলিশের ভাষ্য অনুযায়ী, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া এলাকায় আসকর আলী পাম্পের প্রায় ১০০ গজ পূর্ব-দক্ষিণে নাওজোড় থেকে ভোগড়া বাইপাসগামী মহাসড়কের সংযোগ সড়কে তল্লাশিচৌকি বসানো হয়। এ সময় ঢাকা মেট্রো-গ-২৮-৮২১৭ নম্বরের একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে চালকের হেফাজতে থাকা একটি পানির বোতলে প্রায় এক লিটার পেট্রল পাওয়া যায়। পরে গাড়িসহ মো. নাহিদ সরকার (৩৩) ও তার সহযোগী মো. আপনকে (১৮) গ্রেপ্তার করা হয়।
নাহিদ সরকার গাজীপুর মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক। তিনি ভোগড়া এলাকার মৃত শহীদুল ইসলাম সরকারের ছেলে এবং এলাকায় ‘রাতুল’ নামে পরিচিত। অপর গ্রেপ্তার আপন রংপুরের পীরগঞ্জ থানার আশনিয়াপাড়া এলাকার মো. মিথুনের ছেলে।
জিএমপির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ সরকার জানিয়েছেন, ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা অবরোধ ও হরতালকে কেন্দ্র করে মহাসড়কে চলাচলরত যানবাহনে অগ্নিসংযোগ এবং টায়ার জ্বালিয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনা ছিল তাদের। এই কাজে মাহিম (১৯) নামের আরও একজন সহযোগী ছিলেন বলে পুলিশ জানিয়েছে, যিনি বর্তমানে পলাতক। গ্রেপ্তার দুজন আরও জানিয়েছেন, আফজাল হোসেন সরকার রিপনের নির্দেশে এবং নিজেদের সংশ্লিষ্ট আসকর আলী পেট্রল পাম্প থেকে পেট্রল সংগ্রহ করে তারা নাশকতার উদ্দেশ্যে বের হয়েছিলেন। এ ঘটনায় বাসন থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং পুলিশ প্রাইভেটকার ও পেট্রোলভর্তি বোতল জব্দ করেছে।
মাওনায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত কয়েকজন
আজ বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরের মাওনা, বাঘেরবাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, আনসার রোড ও ভোগড়া বাইপাসসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুরের বাঘেরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকেরা অবস্থান নিলে পুলিশ শব্দবোমা (সাউন্ড গ্রেনেড) নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ঘটনাও ঘটে।
বেলা ১১টার দিকে আনসার রোড এলাকা থেকে শ্রমিকদের একটি মিছিল মাওনা চৌরাস্তার দিকে অগ্রসর হয়। পথে বিভিন্ন কারখানার শ্রমিকেরা মিছিলে যোগ দেন। কয়েক কিলোমিটার মিছিলের পর তারা মাওনা চৌরাস্তা উড়ালসড়কের নিচে অবস্থান নেন। পরে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের চন্নাপাড়া গ্রামের বেপারিবাড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশ ও আনসার সদস্যদের সংঘর্ষ হয়। শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করে সামনের দিকে এগোতে থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শব্দবোমা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় লাঠিপেটার ঘটনাও ঘটে। এতে কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকেরা বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে সড়ক ও মহাসড়ক অবরোধ করছেন। এক স্থান থেকে সরিয়ে দিলে অন্য স্থানে গিয়ে অবস্থান নিচ্ছেন। মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে অবরোধ সৃষ্টি করলে শব্দবোমা নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয় এবং বেলা ১১টার দিকে আনসার রোড এলাকায় অবরোধ করলে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের সরানো হয়েছে।
৫৫ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে আগে থেকেই ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার নতুন করে আরও পাঁচটি কারখানা বন্ধ ঘোষণা করায় এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫টিতে। এ ছাড়া আজকের জন্য ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ মহানগর ও জেলা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে।
৩৫ প্লাটুন বাহিনী মোতায়েন
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সোহেল রানা বলেন, আজ সকালে বাঘেরবাজার এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চল, জননিরাপত্তা ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে মোট ৩৫ প্লাটুন বাহিনী মোতায়েন রয়েছে। এর মধ্যে ১২ প্লাটুন বিজিবি, ১৩ প্লাটুন আনসার এবং ১০ প্লাটুন এসআরবি সদস্য সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ আনসারের উপপরিচালক মো. আশিকুজ্জামান জানান, আজ সকাল ১১টা ১০ মিনিটের দিকে কোনাবাড়ীর বিসিক এলাকা ও আনোয়ার রোগনির্ণয় কেন্দ্রের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধারে ১৭ থেকে ২০ বছর বয়সী আনুমানিক ৬০ থেকে ৭০ জন তরুণকে অবস্থান করতে দেখা যায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা অবরোধের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেলের নেতৃত্বে সেখানে আনসার ব্যাটালিয়নের এক প্লাটুন সদস্য, পুলিশ ও বিজিবির তিনটি টহল দল দায়িত্ব পালন করে।
সব মিলিয়ে গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, কারখানা বন্ধ ও সড়ক অবরোধের পাশাপাশি নাশকতার একাধিক অভিযোগ সামনে এসেছে। পুলিশ কমিশনারের বক্তব্য অনুযায়ী, নাশকতা প্রতিরোধে অভিযান ও নিরাপত্তা তৎপরতা অব্যাহত রয়েছে। তবে শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলন এবং তার সুযোগে কেউ সহিংসতা বা নাশকতা চালানোর চেষ্টা করলে—দুটি বিষয়কে পৃথকভাবে বিবেচনায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই এখন প্রশাসনের বড় চ্যালেঞ্জ।

নাসির আহমেদ, গাজীপুর