গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
গাজীপুরে দু-একটি জায়গা ছাড়া অধিকাংশ শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তবে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। পুলিশ ও বিজিবির কঠোর অবস্থানের কারণে বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে, শ্রমিক অসন্তোষের কারণে আজও অন্তত ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ চলাকালে যে গাড়িতে আগুন দেওয়া হয়, সেটি পুলিশের বলে নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের ডিসি বেলায়েত হোসেন।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর ছয়দানা মালেকেরবাড়ি এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি সাদা জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কিছুক্ষণ পরই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিক অসন্তোষের কারণে মহানগরীর ১০টি পোশাক কারখানা আজকের জন্য এবং এ পর্যন্ত মোট ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে বাকি কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। শিল্পাঞ্চল ও মহাসড়কের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

নাসির আহমেদ, গাজীপুর