যশোরে বিএনপিনেতাকে কুপিয়ে হত্যা, আটক ১
যশোর সদর উপজেলার মুনসেফপুরে শেখ আবু তালেব (৭০) নামে বিএনপির এক প্রবীণ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত আবু তালেবের প্রতিবেশী শফিয়ার শেখকে (৩৮) আটক করেছে পুলিশ।
নিহত আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি স্থানীয় কচুয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান কমিটির সদস্য ছিলেন।
এ হত্যাকাণ্ডের ঘটনায় আটক শফিয়ার শেখ একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে।
নিহত আবু তালেবের স্বজনরা জানায়, আজ দুপুরে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে শফিয়ার শেখ ধারালো হাসুয়া নিয়ে আবু তালেবের ওপর হামলা চালান এবং এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। হামলার পর পরই তিনি পালিয়ে যান। খবর পেয়ে স্বজনরা আবু তালেবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, নিহত আবু তালেব ও অভিযুক্ত শফিয়ার সম্পর্কে দূরসম্পর্কের মামাতো-ফুপাতো ভাই। ১৫ বছর আগে আবু তালেবের পরিবার শফিয়ারের জমির পাশে একটি জমি কিনে। সে সময় এই জমি কিনতে চেয়েছিলেন শফিয়ার। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের সূত্র ধরেই এ হত্যাকাণ্ড সংঘঠিত হয়ে থাকতে পারে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিবুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই আবু তালেবকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ নিহত আবু তালেবের প্রতিবেশী শফিয়ার শেখকে আটক করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে তা মামলা আকারে গ্রহণ করা হবে। নিহত আবু তালেবের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে বলেও জানান তিনি।

সাইফুল ইসলাম সজল, যশোর