ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু
ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. জামান (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নগরীর বাড়েরা মজিদ মার্কেট সংলগ্ন রাস্তায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জামান ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং মধ্য বাড়েরার সিদ্দিকের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ঘটনার পর ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যা সাতটার দিকে জামান নিজ বাড়ি থেকে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে গন্তব্যে যাওয়ার পথে মজিদ মার্কেট সংলগ্ন রাস্তার মোড়ে পৌঁছালে তার গতি রোধ করা হয়। এ সময় মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত তার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আইয়ুব আলী, ময়মনসিংহ