গাছের চারা রোপণ নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে সুপারি গাছের চারা রোপণকে কেন্দ্র করে হাসানুর শেখ (৫২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাসানুর বয়রা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছেলে হাসিবুল শেখও (২০) গুরুতর আহত হন।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার বাড়ির পাশে সুপারি গাছের চারা রোপণ করেন হাসানুর শেখ ও তার পরিবারের সদস্যরা। পরদিন বুধবার সকালে হাসানুরের স্ত্রী সাহেরা বেগম (৪৫) ওই চারাগুলোতে পানি দিতে গেলে প্রতিবেশী মামুন শেখসহ তার পরিবারের লোকজন গালিগালাজ শুরু করেন। চারাগুলো তাদের জমির সীমানা ঘেঁষে লাগানো হয়েছে- এমন অভিযোগ তুলে বাকবিতণ্ডা করেন তারা। বিষয়টি জানতে পেরে হাসানুর শেখ ও তার ছেলে হাসিবুল প্রতিবাদ করতে গেলে মামুন শেখ ও তার লোকজন ফালা (ভেলা) দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের হতাহত করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সুপারি গাছের চারা রোপণকে কেন্দ্র করে বাবা ও ছেলেকে কুপিয়ে হতাহতের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশের অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

এম. মুনীর চৌধুরী, নড়াইল