কেশবপুরে গ্রামীণ ব্যাংক শাখা থেকে পেট্রল বোমা সদৃশ বস্তু জব্দ
যশোরের কেশবপুর উপজেলার ঐতিহাসিক সাগরদাঁড়ী গ্রামীণ ব্যাংক শাখা থেকে পেট্রল বোমা সদৃশ একটি বস্তু ও বিস্ফোরক তৈরির আলামত উদ্ধার করেছে পুলিশ। এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশে কোনো দুর্বৃত্ত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৩টার দিকে এটি ফেলে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাংকের নাইট গার্ড মো. বাদশা আনুমানিক রাত ৩টার দিকে একটি বিকট শব্দ শুনতে পান। তিনি জানান, একটি মোটরসাইকেল এসে গ্রামীণ ব্যাংকের ভবনের দিকে কিছু একটা ছুড়ে মারার শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই চারপাশ তীব্র দুর্গন্ধ ও গ্যাসে ভরে ওঠে। প্রথমে এটিকে সাধারণ ককটেল বলে ধারণা করা হলেও পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়ে ব্যাংক ভবনের উত্তর ও দক্ষিণ পাশ থেকে পেট্রলভর্তি বোতলসহ বিভিন্ন বিস্ফোরক আলামত উদ্ধার করে।
খবর পাওয়ার পরপরই কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এবং চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. শামীম হোসাইনসহ পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার পর স্থানীয় সাধারণ মানুষের মধ্যে যাতে কোনো ধরনের আতঙ্ক বা গুজব ছড়িয়ে না পড়ে, সেজন্য জুমার নামাজ শেষে সাগরদাঁড়ী বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশে বিশেষ সচেতনতামূলক বার্তা দেন ওসি হাফিজুর রহমান।
এ সময় ওসি হাফিজুর রহমান মুসল্লিদের উদ্দেশে বলেন, আতঙ্কিত না হয়ে সবাই সচেতন হোন। কোনো সন্দেহভাজন ব্যক্তিকে দেখলে পুলিশকে খবর দিন। এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমাদের প্রত্যেককে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
এই ঘটনার নেপথ্যে জড়িত দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত এবং আইনের আওতায় আনতে কেশবপুর থানার তৎপরতা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে ব্যাংক ও এর আশপাশের এলাকায় থমথমে ভাব কাটাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল অব্যাহত রয়েছে।

ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)